সত্যজিৎ দাস (মৌলভীবাজার প্রতিনিধি):
মৌলভীবাজারের কমলগঞ্জে ভক্তি ও উৎসবমুখর পরিবেশে শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী উদযাপিত হয়েছে। শনিবার (১৬ আগস্ট) সকাল ১১টায় জন্মাষ্টমী উদযাপন পরিষদের আয়োজনে ভানুগাছ বাজারস্থ দুর্গাবাড়ি প্রাঙ্গণে প্রধান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জন্মাষ্টমী উদযাপন পরিষদের আহ্বায়ক সাংবাদিক প্রনীত রঞ্জন দেবনাথ এবং পরিচালনা করেন সদস্য সচিব প্রত্যুষ ধর। প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মাখন চন্দ্র সূত্রধর। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ওসি আবু জাফর মো. মাহফজুল কবির, জেলা বিএনপির সদস্য দুরুদ মিয়া, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. আবুল হোসেন ও উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি শ্যামল চন্দ্র দাশ।
অনুষ্ঠানে শিক্ষক উত্তম লোহার সংগীতময় গীতা পাঠ পরিবেশন করেন। পাশাপাশি প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষার্থীদের মধ্যে আয়োজিত কুইজ প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে সনদ ও পুরস্কার বিতরণ করা হয়।
শুভ জন্মাষ্টমী উপলক্ষে পাত্রখোলা চা বাগান থেকে বর্ণাঢ্য শোভাযাত্রার উদ্বোধন করেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য মুজিবুর রহমান চৌধুরী (হাজী মুজিব)। এছাড়া রহিমপুর, পতনঊষার, মুন্সীবাজার, শমশেরনগর, আলীনগর, মাধবপুর, দেওছড়া চা বাগানসহ বিভিন্ন স্থানে জন্মাষ্টমী উপলক্ষে শোভাযাত্রা ও নানা কর্মসূচি পালিত হয়।

