সত্যজিৎ দাস, (মৌলভীবাজার প্রতিনিধি):
মৌলভীবাজারে বাংলাদেশ যুব ইউনিয়ন জেলা কমিটির উদ্যোগে আজ বিকেলে এক বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সমাবেশে সভাপতিত্ব করেন সভাপতি আয়কর আইনজীবী আবু রেজা সিদ্দিকি ইমন এবং পরিচালনা করেন যুবনেতা অ্যাডভোকেট আবুল হায়দার মোঃ তরিক।
বক্তারা জানান,ড. মুহাম্মদ ইউনুছের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ঠিক আগে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে একটি অসম ও দেশবিরোধী বাণিজ্য চুক্তি সম্পাদন করেছে। এই চুক্তি বাংলাদেশের সার্বভৌমত্বের জন্য হুমকি স্বরূপ। বিশেষ করে বৈশ্বিক জ্বালানি সংকটের সময় তেল আমদানিতে দেশকে মার্কিন অনুমতির ওপর নির্ভর করতে হচ্ছে।
সমাবেশে বক্তব্য রাখেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টি মৌলভীবাজার জেলা শাখার সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মাসুক মিয়া, জেলা কমিটির সদস্য জহরলাল দত্ত,যুবনেতা অ্যাডভোকেট সুকান্ত নন্দি এবং ছাত্রনেতা জ্যোতিষ মোহন্ত। এছাড়া উপস্থিত ছিলেন কমিউনিস্ট পার্টি,বাংলাদেশ যুব ইউনিয়ন ও বাংলাদেশ ছাত্র ইউনিয়নের জেলা শাখার অন্যান্য নেতৃবৃন্দ।
বক্তারা দাবি করেন,এই দেশবিরোধী বাণিজ্য চুক্তি বাতিল করতে হবে। নাহলে কঠোর কর্মসূচি ঘোষণার প্রস্তুতি নেওয়া হবে।

