রাজধানীর রামপুরার বনশ্রী-মেরাদিয়া এলাকায় জুলাই আন্দোলনের সময় নির্মাণাধীন ভবনের কার্নিশে ঝুলে থাকা আমির হোসেনকে গুলি করে হত্যা এবং আরও একজনকে হত্যার মামলায় যুক্তিতর্ক সম্পন্ন হয়েছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ আগামী ১৫ ফেব্রুয়ারি রায় ঘোষণা করবেন।
মামলার সাক্ষ্য দিয়েছেন মোট ১৪ জন। রাষ্ট্রপক্ষ ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) সাবেক কমিশনার হাবিবুর রহমানসহ পাঁচ আসামির সর্বোচ্চ শাস্তি দাবি করেছেন।
এছাড়া, জুলাই আন্দোলনে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় আওয়ামী লীগ নেতা কামরুল ইসলাম ও ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেননের বিরুদ্ধে অভিযোগ দাখিল করা হয়েছে। তাদের বিরুদ্ধে ২৩ জনকে হত্যা সহ মানবতাবিরোধী অপরাধের দুটি অভিযোগ আনা হয়েছে।
অন্যদিকে, ২০১৬ সালে গাজীপুরে জঙ্গি নাটক সাজিয়ে ৭ জনকে হত্যার ঘটনায় সাবেক ডিবি প্রধান হারুন অর রশীদ, সাবেক এসবি প্রধান মনিরুল ইসলাম, সাবেক আইজিপি জাভেদ পাটোয়ারীসহ মোট ১০ জনের বিরুদ্ধে অভিযোগ দাখিল করেছে প্রসিকিউশন।
মামলায় আসামি পাঁচজনের মধ্যে একজন—রামপুরা পুলিশ ফাঁড়ির তৎকালীন এএসআই চঞ্চল চন্দ্র সরকার—গ্রেপ্তার রয়েছেন। পলাতকরা হলেন খিলগাঁও জোনের সাবেক এডিসি মো. রাশেদুল ইসলাম, রামপুরা থানার সাবেক ওসি মো. মশিউর রহমান এবং রামপুরা থানার সাবেক এসআই তারিকুল ইসলাম ভূঁইয়া।

