খুলনার খানজাহান আলী থানাধীন মীরেরডাঙ্গা বক্ষব্যাধি হাসপাতালের সামনে গভীর রাতে দুর্বৃত্তদের গুলিতে আলম নবী (৪০) নামে এক যুবক গুরুতর আহত হয়েছেন। এ ঘটনায় ঘটনাস্থল থেকে দুই রাউন্ড পিস্তলের কার্তুজের খোসা উদ্ধার করেছে পুলিশ এবং জিজ্ঞাসাবাদের জন্য দুজনকে আটক করা হয়েছে।
শুক্রবার (৭ ফেব্রুয়ারি) দিবাগত রাত আনুমানিক ১টার দিকে এ ঘটনা ঘটে। আহত আলম নবী মীরেরডাঙ্গা এলাকার আনোয়ার মীরের ছেলে বলে স্থানীয়রা জানিয়েছেন।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, পূর্ব শত্রুতার জেরে আলম নবীকে লক্ষ্য করে গুলি চালানো হয়। গুলিতে তার বুকের বাম পাশে, মাথার ডান পাশে ও পিঠের ডান পাশে আঘাত লাগে। গুলির পর হামলাকারীরা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।
পরে স্থানীয়দের সহায়তায় পুলিশ তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। অবস্থার অবনতি হলে রাত ৩টার পর উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় পাঠানো হয়।
ঘটনাস্থল পরিদর্শন করে পুলিশ দুই রাউন্ড পিস্তলের গুলির খোসা উদ্ধার করেছে। হামলার কারণ ও জড়িতদের শনাক্তে তদন্ত চলছে।
খানজাহান আলী থানা পুলিশ জানায়, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে আহত ব্যক্তিকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় দুজনকে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নেওয়া হয়েছে এবং জড়িতদের ধরতে এলাকায় তল্লাশি জোরদার করা হয়েছে।

