রাজধানীর মোহাম্মদপুরে মনসুর নামে এক ব্যক্তির পোষা বিড়ালকে নিষ্ঠুরভাবে হত্যার দায়ে আকবর হোসেন শিবলু নামে এক ব্যক্তিকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। আজ বুধবার (১১ মার্চ) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আলবিরুনী মীর এই রায় ঘোষণা করেন।
কারাদণ্ডের পাশাপাশি আদালত আসামিকে ১০ হাজার টাকা জরিমানা করেছেন। জরিমানা অনাদায়ে তাকে আরও এক মাসের বিনাশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে। রায় ঘোষণার সময় আসামি আদালতে উপস্থিত না থাকায় তার বিরুদ্ধে সাজা পরোয়ানাসহ গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে।
মামলার নথি অনুযায়ী, গত বছরের ১ ফেব্রুয়ারি মোহাম্মদপুরের মুক্তিযোদ্ধা টাওয়ারের নবম তলায় বিড়ালটি নিখোঁজ হয়। পরবর্তীতে সিসিটিভি ফুটেজে দেখা যায়, আসামি আকবর হোসেন শিবলু বিড়ালটিকে ফুটবলের মতো লাথি মারছেন। লাথির আঘাতে বিড়ালটি নিথর হয়ে পড়লে তিনি পা দিয়ে চেপে ধরে সেটির মৃত্যু নিশ্চিত করেন।
ঘটনাটি জানাজানি হওয়ার পর গত বছরের ৫ ফেব্রুয়ারি ‘পিপলস ফর অ্যানিমেল ওয়েলফেয়ার’-এর পক্ষে নাফিসা নওরীন চৌধুরী আদালতে মামলা করেন। মোহাম্মদপুর থানা পুলিশ তদন্ত শেষে অভিযোগের সত্যতা পায় এবং গত ১৪ জুলাই আসামির বিরুদ্ধে চার্জ গঠন করা হয়। মামলায় মোট চারজন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষে আদালত আজ এই ঐতিহাসিক রায় প্রদান করেন।
বাদীপক্ষের আইনজীবী জাকির হোসেন জানান, সিসিটিভি ফুটেজ ও প্রত্যক্ষদর্শীর সাক্ষ্যের ভিত্তিতে এটি প্রমাণিত হয়েছে যে, আসামি অত্যন্ত নিষ্ঠুরভাবে ও ইচ্ছাকৃতভাবে প্রাণীটিকে হত্যা করেছেন। অবলা প্রাণীর প্রতি এমন নিষ্ঠুরতার বিরুদ্ধে এই রায় একটি দৃষ্টান্ত হয়ে থাকবে।

