কালাই (জয়পুরহাট) প্রতিনিধি:
জয়পুরহাটের কালাইয়ে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে সজিব হোসেন (২২) নামে এক যুবক মৃত্যু হয়েছে। শনিবার দিবাগত রাতে উপজেলার পুনট ইউনিয়নের পাঁচপাইকা গ্রামে এ মর্মান্তিক দূর্ঘটনা ঘটে। নিহত সজিব হোসেন ওই গ্রামেরই রাজু মিয়ার ছেলে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, উপজেলার পাঁচ পাইকা গ্রামের সজিবের নিজ বাড়ির বিদ্যুতের বোর্ডটি আগে থেকেই বিদ্যুতায়িত ছিলো। রাতে ঘরের আলো জ্বালানোর জন্য সুইচ দিতে গেলে হঠাৎ শর্টসার্কিট হয়ে সজিব বিদ্যুৎস্পৃষ্ট হয় এবং পরে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। এ সময় পরিবারের সদস্যরা দ্রুত তাকে উদ্ধার করে কালাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।
কালাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক মেহেদী হাসান পার্থ জানান, হাসপাতালে আনার আগেই সজিবের মৃত্যু হয়েছে।
এঘটনার বিষয়টি নিশ্চিত করে কালাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বলেন, পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় মরদেহ ময়নাতদন্ত ছাড়াই স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।

