সত্যজিৎ দাস, (মৌলভীবাজার প্রতিনিধি):
মৌলভীবাজারের কুলাউড়া উপজেলা-এ পরকীয়াজনিত বিরোধের জেরে রিপন মিয়া (২৯) নামে এক যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় জড়িত সন্দেহে সিএনজি অটোরিকশা চালক সাকিব আহমদ (২৩) নামের এক যুবককে আটক করেছে পুলিশ।
পুলিশ জানায়,মঙ্গলবার (১০ মার্চ) রাতে উপজেলার টিলাগাঁও ইউনিয়ন-এর চকসালন এলাকায় রেললাইনের পাশ থেকে রিপন মিয়ার মরদেহ উদ্ধার করা হয়। নিহত রিপন মিয়া পৃথিমপাশা ইউনিয়ন-এর আলীনগর গ্রামের বাসিন্দা ও হানু মিয়ার ছেলে।
কুলাউড়া থানা-এর ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান মোল্যা জানান,সোমবার (৯ মার্চ) রাত থেকে রিপন নিখোঁজ ছিলেন। তার মোবাইল ফোনও বন্ধ ছিল। পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করছিলেন। পরে মঙ্গলবার রাতে স্থানীয়রা চকসালন এলাকায় রেললাইনের পাশে তার মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।
স্থানীয় সূত্রে জানা যায়,আলীনগর গ্রামের বাসিন্দা ও জমসেদ আলীর ছেলে সাকিব আহমদ নিহত রিপন মিয়ার সিএনজি অটোরিকশার চালক ছিলেন। সেই সুবাদে রিপনের বাড়িতে তার নিয়মিত যাতায়াত ছিল। এক পর্যায়ে রিপনের স্ত্রীর সঙ্গে সাকিবের পরকীয়া সম্পর্ক গড়ে ওঠে। বিষয়টি প্রকাশ্যে আসার পর রিপন ও সাকিবের মধ্যে বিরোধ তীব্র হয়ে ওঠে।
স্থানীয়দের দাবি,ওই বিরোধের জেরে পরিকল্পিতভাবে রিপনকে ঘটনাস্থলে ডেকে নিয়ে ক্রিকেট খেলার স্টাম্প দিয়ে পিটিয়ে হত্যা করা হয়। সন্দেহ এড়াতে সাকিব ঘটনাস্থলে উপস্থিত ছিলেন বলেও অভিযোগ রয়েছে।
পুলিশ জানায়,মরদেহ ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতাল-এর মর্গে পাঠানো হয়েছে। আটক সাকিব আহমদকে জিজ্ঞাসাবাদ শেষে আদালতে সোপর্দ করা হবে। পাশাপাশি এ ঘটনায় অন্য কেউ জড়িত আছে কিনা তা তদন্ত করে দেখা হচ্ছে।

