আবু রায়হান, বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি:
পটুয়াখালীর বাউফল উপজেলায় চতুর্থ শ্রেণির এক শিশু শিক্ষার্থীকে ধর্ষণের চেষ্টার অভিযোগে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।
মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) বেলা ১২টার দিকে উপজেলার বগা ইউনিয়নের বালিয়া চাঁদপাল এলাকায় এ ঘটনা ঘটে।
গ্রেফতারকৃত লিটন পোদ্দার বগা ইউনিয়নের বালিয়া চাঁদপাল গ্রামের মোসলেম পোদ্দারের ছেলে।
শিশুটির পরিবার সূত্রে জানা যায়, ওই শিশু তার নানাবাড়িতে থেকে বালিয়া চাঁদপাল এলাকার একটি বেসরকারি বিদ্যালয়ে চতুর্থ শ্রেণিতে পড়াশোনা করে। ঘটনার দিন দুপুরে বিদ্যালয় থেকে বাড়ি ফেরার পথে স্থানীয় লিটন পোদ্দার কৌশলে তাকে বালিয়া গ্রামের কুডু সরদারের বাড়ির বাগানের ভিতরে নিয়ে যায়। এ সময় শিশুটি চিৎকার করলে অভিযুক্ত তাকে ছেড়ে দেয়।
পরে শিশুটি বাড়িতে গিয়ে বিষয়টি তার মাকে জানায়। স্থানীয় গ্রামবাসীর সহায়তায় অভিযুক্ত লিটন পোদ্দারকে অবরুদ্ধ করে পুলিশে খবর দেওয়া হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাকে আটক করে থানায় নিয়ে যায়।
বাউফল থানা-র অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ ছিদ্দিকুর রহমান জানান, ঘটনার সাথে জড়িত আসামিকে গ্রেফতার করা হয়েছে এবং এ বিষয়ে মামলা রুজু হয়েছে। মামলার পরবর্তী আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

