সাতক্ষীরার কলারোয়ায় রান্নাঘর ঝাড়ু দিতে গিয়ে সাপের কামড়ে বিথী খাতুন (১৮) নামে এক তরুণীর মৃত্যু হয়েছে।
রোববার (১২ এপ্রিল) সকালে উপজেলার চন্দনপুর গ্রামে এ ঘটনা ঘটে। পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে নিজ বাড়ির রান্নাঘর ঝাড়ু দেওয়ার সময় হঠাৎ পায়ে তীব্র ব্যথা অনুভব করেন বিথী খাতুন। পরে পরিবারের সদস্যরা বুঝতে পারেন তাকে বিষধর সাপে দংশন করেছে। তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালে নেওয়া হলে জরুরি বিভাগের চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।
সাতক্ষীরা সদর হাসপাতালের চিকিৎসক ডা. ফয়সাল সরদার বলেন, হাসপাতালে আনার সময় তার শারীরিক অবস্থা অত্যন্ত সংকটাপন্ন ছিল। সর্বোচ্চ চেষ্টা করা হলেও তাকে বাঁচানো সম্ভব হয়নি।

