প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, আসন্ন নির্বাচন ও গণভোটে ‘হ্যাঁ’ ভোট জয়ী হলে দেশ পরিবর্তিত হবে এবং দেশে আর অপশাসন ফিরে আসবে না। তিনি বলেন, নির্বাচন ও গণভোট দেশের রাজনৈতিক কাঠামোয় অভূতপূর্ব পরিবর্তন নিয়ে আসবে।
সোমবার (৯ ফেব্রুয়ারি) সকালে সচিবদের সঙ্গে একটি গেট টুগেদার অনুষ্ঠানে এবং পরে ফরেন সার্ভিস একাডেমিতে ব্রিফিংয়ে তিনি এ মন্তব্য করেন। প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানান, অনুষ্ঠানে প্রায় ৭০ জন কর্মকর্তা উপস্থিত ছিলেন।
অধ্যাপক ইউনূস বলেন, অতীতে অনুষ্ঠিত নির্বাচনগুলো প্রকৃত অর্থে নির্বাচন ছিল না, সেগুলো ভুয়া নির্বাচন ছিল। তবে এবারের নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ হবে। প্রথমবারের মতো প্রবাসী বাংলাদেশিরা সরাসরি নির্বাচনে অংশগ্রহণ করছেন, যা রাজনৈতিক প্রক্রিয়ায় তাদের ভূমিকা শক্তিশালী করছে।
তিনি আরও জানান, এবারের নির্বাচনে প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে, ভোট প্রক্রিয়া সহজ করার জন্য অ্যাপ চালু হয়েছে, প্রায় ৪৩ হাজার ভোটকেন্দ্রে বডি ওর্ন ক্যামেরা এবং সিসিটিভি স্থাপন করা হয়েছে। পাশাপাশি ‘নির্বাচন বন্ধু হটলাইন-৩৩৩’ চালু করা হয়েছে।
প্রধান উপদেষ্টা বলেন, আন্তর্জাতিক সম্প্রদায়ের আস্থা ফিরেছে, বিভিন্ন দেশ থেকে বিপুলসংখ্যক পর্যবেক্ষক বাংলাদেশে আসছেন। নির্বাচনি প্রচারণা শান্তিপূর্ণভাবে চলছে এবং রাজনৈতিক দলগুলো দায়িত্বশীল ভূমিকা পালন করছে।
তিনি সচিবদের ধন্যবাদ জানিয়ে বলেন, গত ১৮ মাসে তারা যে কাজ করেছেন তা অত্যন্ত প্রশংসনীয়। এছাড়া জাপানের সঙ্গে অর্থনৈতিক অংশীদারিত্ব চুক্তি বাংলাদেশের বিনিয়োগ পরিবেশকে আরও আকর্ষণীয় করেছে।
অধ্যাপক ইউনূস আশাবাদ ব্যক্ত করেন, গণভোটে ‘হ্যাঁ’ ভোট জয়ী হলে বাংলাদেশের ভবিষ্যৎ সুন্দরভাবে গড়ে উঠবে।

