ঝালকাঠি প্রতিনিধি:
ঝালকাঠিতে কোয়ান্টাম ফাউন্ডেশনের উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে বিশ্ব মেডিটেশন দিবস। দিবসটি উপলক্ষে আজ শনিবার (২১ ডিসেম্বর) সকাল ৭টা থেকে ৮টা পর্যন্ত ঝালকাঠি শহরের পৌর মিনি পার্কে এক বিশেষ মেডিটেশন কর্মসূচির আয়োজন করা হয়।
এবারের বিশ্ব মেডিটেশন দিবসের প্রতিপাদ্য ছিল “মন ভালো তো সব ভালো”। শান্তিপূর্ণ এই আয়োজনে বিভিন্ন বয়স ও পেশার মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে পার্কজুড়ে তৈরি হয় এক অনন্য প্রশান্ত পরিবেশ। একযোগে সারা বিশ্বে হাজারো ধ্যানী নিরবতা ও মনোসংযোগের মাধ্যমে মেডিটেশনে অংশ নেন।
মেডিটেশন চর্চায় বিশ্বব্যাপী সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে জাতিসংঘ ২০২৪ সালে ২১ ডিসেম্বরকে ‘বিশ্ব মেডিটেশন দিবস’ হিসেবে ঘোষণা করে। এই ঘোষণার মাধ্যমে মূলত মানসিক ও শারীরিক সুস্বাস্থ্যের সার্বজনীন অধিকারকে স্মরণ করিয়ে দিতে চায় জাতিসংঘ। পাশাপাশি বিশ্ব স্বাস্থ্য সংস্থাও বৈজ্ঞানিক গবেষণার ভিত্তিতে মেডিটেশনকে ‘নিজের যত্ন নিজে নেওয়ার কার্যকর পদ্ধতি’ হিসেবে স্বীকৃতি দিয়েছে এবং স্ট্রেস ম্যানেজমেন্টে নিয়মিত মেডিটেশন চর্চার ওপর গুরুত্ব আরোপ করছে।
বিশেষজ্ঞদের মতে, মেডিটেশন মূলত মনের ব্যায়াম। এটি মনকে স্থির, প্রশান্ত ও চাপমুক্ত রাখার একটি প্রাচীন ও পরীক্ষিত অনুশীলন। নিয়মিত মেডিটেশন অনুশীলনের ফলে স্নায়ুপেশি শিথিল হয়, মানসিক চাপ কমে, বাড়ে রোগপ্রতিরোধ ক্ষমতা এবং মনোদৈহিক রোগের ঝুঁকি উল্লেখযোগ্যভাবে হ্রাস পায়। মেডিটেশনের ইতিবাচক প্রভাব পড়ে ব্যক্তি ও পেশাগত জীবনেও।
শিক্ষার্থীদের মনোযোগ ও আত্মবিশ্বাস বৃদ্ধি পায়, কমে পরীক্ষাভীতি। চাকরিজীবীদের কর্মদক্ষতা ও দায়িত্ববোধ বাড়ে। ব্যবসায়ীরা সংকট মোকাবেলায় হন অধিক শান্ত ও স্থির। গৃহিণীদের ক্ষেত্রে ধৈর্য ও মমতা বৃদ্ধি পেয়ে পরিবারে সুখী পরিবেশ নিশ্চিত হয়। ফলে বর্তমানে পারিবারিক ও মানসিক সুস্থতার জন্য বহু কাউন্সেলর মেডিটেশনকে অপরিহার্য অনুশীলন হিসেবে পরামর্শ দিচ্ছেন।
বাংলাদেশে তিন দশকেরও বেশি সময় ধরে মেডিটেশন চর্চাকে জনপ্রিয় করে তুলতে কাজ করে যাচ্ছে কোয়ান্টাম ফাউন্ডেশন। প্রতিষ্ঠানটির হাজারো সদস্য ও শুভানুধ্যায়ী নিয়মিত মেডিটেশন অনুশীলনের মাধ্যমে নিজেদের মানসিক ও শারীরিক সুস্থতা নিশ্চিত করার পাশাপাশি যুক্ত হচ্ছেন নানা সামাজিক ও মানবিক কর্মকাণ্ডে।
বিশ্ব মেডিটেশন দিবস উপলক্ষে ঝালকাঠির পাশাপাশি চট্টগ্রাম, রাজশাহী, বরিশাল, খুলনা, সিলেটসহ দেশের বিভিন্ন স্থানে একই সময়ে একযোগে মেডিটেশন কর্মসূচি পালিত হয়।
আয়োজকদের প্রত্যাশা, এই দিবসকে কেন্দ্র করে আরও বেশি মানুষ মেডিটেশন চর্চায় যুক্ত হয়ে মানসিক প্রশান্তি ও সুন্দর জীবনের পথে এগিয়ে আসবেন।

