ভারতে অনুষ্ঠিতব্য টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ দলের অংশগ্রহণ নিয়ে জটিলতা ক্রমেই বেড়ে যাচ্ছে। মঙ্গলবার (১৩ জানুয়ারি) বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ও আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) এ বিষয়ে ভিডিও কনফারেন্সে বসলেও কোনো চূড়ান্ত সমাধান বের করা সম্ভব হয়নি।
বিসিবি জানিয়েছে, নিরাপত্তা উদ্বেগকে সামনে রেখে তারা ভারতে গিয়ে খেলার বিষয়ে অনড় অবস্থান নিয়েছে। একই সঙ্গে বাংলাদেশ দলের ম্যাচগুলো ভারতের বাইরে স্থানান্তরের জন্য আবারও আইসিসিকে অনুরোধ করা হয়েছে। তবে আইসিসির তরফ থেকে বলা হয়েছে, টুর্নামেন্টের সূচি ইতিমধ্যেই ঘোষণা করা হয়েছে এবং বোর্ডকে তাদের অবস্থান পুনর্বিবেচনা করতে অনুরোধ জানানো হয়েছে।
ভিডিও কনফারেন্সে বিসিবি পক্ষে উপস্থিত ছিলেন বোর্ড সভাপতি আমিনুল ইসলাম, দুই সহসভাপতি শাখাওয়াত হোসেন ও ফারুক আহমেদ, ক্রিকেট অপারেশনস কমিটির চেয়ারম্যান নাজমুল আবেদীন এবং প্রধান নির্বাহী কর্মকর্তা নিজাম উদ্দিন চৌধুরী।
কনফারেন্স শেষে সংবাদমাধ্যমকে শাখাওয়াত হোসেন জানান, “আমরা যে অবস্থান নিয়েছি, সেই অবস্থানেই থাকব। মানে ভারতে আমরা যাব না। আমাদের স্ট্যান্ড থেকে এক ইঞ্চিও নড়ব না।”
২০২৬ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপের দশম আসর ৭ ফেব্রুয়ারি মাঠে গড়ানোর কথা। ‘বি’ গ্রুপে বাংলাদেশের প্রতিপক্ষ থাকবে ইংল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ, নেপাল ও ইতালি। চার ম্যাচের মধ্যে প্রথম তিনটি ম্যাচ অনুষ্ঠিত হবে কলকাতায়, আর নেপালের বিপক্ষে ম্যাচ হওয়ার কথা ছিল মুম্বাইয়ে।
ভারতীয় সংবাদমাধ্যমে খবর প্রকাশ হয়েছে যে আইসিসি বাংলাদেশকে কলকাতার বদলে চেন্নাই বা কেরালায় খেলার প্রস্তাব দিয়েছে। তবে বিসিবির স্পষ্ট অবস্থান, ভারতের অন্য কোনো ভেন্যু হলেও সেটি ভারতের মাটিতে অবস্থিত। বাংলাদেশের পক্ষ থেকে তারা পাকিস্তান বা সংযুক্ত আরব আমিরাতে ম্যাচ আয়োজনের প্রস্তাব দিলে সেখানে খেলতে রাজি।
বিসিবি ও আইসিসি উভয় পক্ষই আলোচনা চালিয়ে সম্ভাব্য সমাধান খুঁজে বের করতে সম্মত হয়েছে। তবে বিসিবি বারবার জানিয়েছে, ক্রিকেটার, কোচিং স্টাফ এবং অফিসিয়ালদের নিরাপত্তা ও সুরক্ষা তাদের সর্বোচ্চ অগ্রাধিকার। শেষ পর্যন্ত উভয় পক্ষ কতটা সমাধান বের করতে সক্ষম হবে, সেটাই এখন দেখার বিষয়।

