শাওন বেপারী, শরীয়তপুর প্রতিনিধি
শরীয়তপুরের জাজিরা উপজেলায় বেপরোয়া গতির একটি সিএনজি অটোরিকশা উল্টে পপি রানী পাল (২৮) নামে এক নারী নিহত হয়েছেন। এ ঘটনায় তার স্বামী ও ছয় বছর বয়সী কন্যা আহত হয়েছেন।
শুক্রবার (৬ ফেব্রুয়ারি) সকাল আনুমানিক সাড়ে ৯টার দিকে জাজিরা পৌরসভার দক্ষিণ ডুবলদিয়া কাজীকান্দি এলাকার মোল্লা বাড়ির মোড় সংলগ্ন সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত পপি রানী পাল ডামুড্যা উপজেলার কার্তিকপুর গ্রামের পরেশ চন্দ্র পালের মেয়ে এবং কৃষ্ণ পালের স্ত্রী। দুর্ঘটনার সময় তিনি স্বামী কৃষ্ণ পাল ও কন্যা পৃথা পালকে নিয়ে কুমিল্লা–থ ১২–৬৫৮৭ নম্বরের একটি সিএনজি অটোরিকশাযোগে নাওডোবা থেকে শরীয়তপুরের উদ্দেশে যাচ্ছিলেন।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, জাজিরা আর্মি ক্যাম্পের টহলরত একটি পিকআপের সঙ্গে ক্রসিং করার সময় সিএনজিটি অতিরিক্ত গতিতে চলছিল। এ সময় ওভারটেকিং করতে গিয়ে চালক নিয়ন্ত্রণ হারালে অটোরিকশাটি সড়কের পাশের বাঁশঝাড়ে ধাক্কা খেয়ে উল্টে যায়। গাড়িটিতে চালকসহ মোট সাতজন আরোহী ছিলেন, যা অনুমোদিত সংখ্যার চেয়ে বেশি।
দুর্ঘটনার পর স্থানীয় লোকজন ও ঘটনাস্থলে থাকা সেনাবাহিনীর সদস্যরা আহতদের উদ্ধার করে জাজিরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক পপি রানী পালকে মৃত ঘোষণা করেন। আহত স্বামী ও শিশুকন্যাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। খবর পেয়ে জাজিরা থানা পুলিশ হাসপাতালে গিয়ে মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে।
জাজিরা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সালেহ আহাম্মদ বলেন, প্রাথমিক তদন্তে দেখা গেছে, সিএনজিটি বেপরোয়া গতিতে চলছিল এবং ওভারটেকিংয়ের সময় চালক নিয়ন্ত্রণ হারান। এতে সড়কের পাশের বাঁশঝাড়ে ধাক্কা লেগে দুর্ঘটনাটি ঘটে। বিষয়টি তদন্তাধীন এবং পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

