মোঃ তৌহিদুর রহমান, রাজবাড়ী প্রতিনিধি:
রাজবাড়ীতে রিক্সার সাথে গলার ওড়না পেঁচিয়ে বার্তা২৪ এর জেলা প্রতিনিধি ও উপজেলা প্রেসক্লাবের সভাপতি সোহেল মিয়া’র মা সেলিনা আক্তার ঝর্ণা (৬৬) নামে এক নারীর মৃত্যু হয়েছে।
সোমবার সকাল পৌনে ১০ টার দিকে শহরের পান্না চত্ত্বর এলাকায় এ দূর্ঘটনা ঘটে।
নিহত সেলিনা আক্তার ঝর্ণা অনলাইন নিউজ পোর্টাল বার্তা২৪ এর রাজবাড়ী জেলা প্রতিনিধি ও বালিয়াকান্দি উপজেলা প্রেসক্লাবের সভাপতি সোহেল মিয়া মা এবং তিনি বালিয়াকান্দির বাসিন্দা।
নিহতের জামাই কাজী হুমায়ুন কবির জানান, সকালে একটি পারিবারিক কাজে তার শাশুরি সহ কয়েকজন রাজবাড়ী কোর্টে আসেন। সাড়ে ৯টার দিকে রিক্সা যোগে তার শাশুরি সকালের নাস্তা খাবার জন্য শহরের সালমা হোটেলে যাচ্ছিল। পথিমধ্যে পান্নাচত্ত্বর এলাকায় রিক্সার চাকার সাথে তার পরিহিত গলার ওড়না পেঁচিয়ে মারাত্মক ভাবে আহত হন। দ্রুত উদ্ধার করে রাজবাড়ী সদর হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তার শাশুরিকে মৃত ঘোষনা করেন।
রাজবাড়ী সদর হাসপাতালের জরুরী বিভাগের চিকিৎসক মোঃ বেলায়েত হোসেন তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, হাসপাতালে আনার পূর্বেই ওই নারীর মৃত্যু হয়েছে।

