বিএনপি সরকার গঠনের পর দক্ষিণ এশিয়ার আঞ্চলিক সহযোগিতা সংস্থা সার্ক-কে পুনরুজ্জীবিত করার উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন তারেক রহমান।
শনিবার (১৪ ফেব্রুয়ারি) নির্বাচন-পরবর্তী প্রথম সংবাদ সম্মেলনে তিনি বলেন, “বাংলাদেশই সার্কের উদ্যোক্তা ছিল। তাই স্বাভাবিকভাবেই আমরা চাইব এই সংস্থাটি আবার সক্রিয় হোক।” এ লক্ষ্যে প্রতিবেশী দেশগুলোর সঙ্গে আলোচনা করে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার কথাও জানান তিনি।
তিনি উল্লেখ করেন, সার্ক গঠনের প্রস্তাব প্রথম দেন বাংলাদেশের সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান। পরবর্তীতে ১৯৮৫ সালে ঢাকায় অনুষ্ঠিত হয় সংস্থাটির প্রথম শীর্ষ সম্মেলন।
বর্তমানে ভারত-পাকিস্তান দ্বিপাক্ষিক উত্তেজনার কারণে সার্ক কার্যত নিষ্ক্রিয় হয়ে আছে। ২০১৯ সালে ইসলামাবাদ-এ নির্ধারিত সম্মেলনও বাতিল হয়। সর্বশেষ ২০১৪ সালে কাঠমান্ডু-তে অনুষ্ঠিত হয়েছিল সার্কের ১৮তম শীর্ষ সম্মেলন।

