চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় দাপিয়ে বেড়ানো একটি বন্য শূকর অবশেষে হত্যা করা হয়েছে। এতে এলাকায় গত তিন দিনের আতঙ্কের অবসান ঘটে এবং স্থানীয়দের মধ্যে স্বস্তি ফিরে এসেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, বন্য শূকরের আক্রমণে অন্তত সাতজন আহত হওয়ার পর বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যম ও বিভিন্ন গণমাধ্যমে ছড়িয়ে পড়ে। পরে রাজশাহীর গোদাগাড়ী থেকে একদল ক্ষুদ্র নৃগোষ্ঠীর শিকারী শূকরটি শিকারে নামে।
রোববার দুপুরে উপজেলার মনাকষা ইউনিয়নের সাতরসিয়া বিল এলাকায় কৌশলে শূকরটিকে হত্যা করা হয় বলে জানা গেছে।
এর আগে গত বৃহস্পতিবার শিবগঞ্জের বিনোদপুর ইউনিয়নের খোন্দা, কামাত ও হাদিনগর এলাকায় ওই বন্য শূকরের আক্রমণে একাধিক ব্যক্তি আহত হন। তাদের মধ্যে নাসির উদ্দিন, জনি, ডালিম ও মুলি প্রাথমিক চিকিৎসা নেন, এবং কয়েকজনকে উন্নত চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়।
স্থানীয়দের অভিযোগ, বন্য শূকরটি আমবাগান ও ফসলি এলাকায় আকস্মিকভাবে হামলা চালিয়ে আতঙ্ক সৃষ্টি করে। ঘটনার পর তিন দিন এলাকাজুড়ে ভয়ের পরিবেশ বিরাজ করে।
শূকরটি হত্যার পর স্থানীয়রা জানিয়েছেন, পরিস্থিতি এখন স্বাভাবিক হলেও এলাকায় আরও বন্য শূকর থাকতে পারে বলে তারা আশঙ্কা করছেন।

