ত্রয়োদশ জাতীয় সংসদের অধিবেশনে গণভোট ও ‘জুলাই সনদ’ ইস্যুতে বিরোধী দলকে একাধিক প্রশ্ন ছুড়ে দিয়েছেন বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থ।
মঙ্গলবার (৩১ মার্চ) সংসদে আলোচনায় অংশ নিয়ে তিনি বলেন, ৫ আগস্টের পর কেন অন্তর্বর্তী সরকারের পরিবর্তে বিপ্লবী সরকার গঠন করা হয়নি—এ প্রশ্ন এখনো গুরুত্বপূর্ণ।
তিনি আরও বলেন, জুলাই সনদ নিয়ে তাদের দলের মৌলিক কোনো আপত্তি নেই, তবে পুরো প্রক্রিয়া নিয়ে প্রশ্ন রয়েছে। একই সঙ্গে তিনি দাবি করেন, শুরু থেকেই বিএনপিকে ‘জুলাই আন্দোলনের বিপরীতে’ দাঁড় করানোর একটি চেষ্টা দেখা যাচ্ছে।
আন্দালিব রহমান পার্থ বলেন, সংসদের ট্রেজারি বেঞ্চে থাকা অনেকেই দীর্ঘ আন্দোলন-সংগ্রামের অংশ ছিলেন এবং কারাবরণ করেছেন। তবে ১৭ বছরের আন্দোলনের কৃতিত্বকে এককভাবে দেখানোর সুযোগ নেই বলেও মন্তব্য করেন তিনি।
বিরোধী দলকে উদ্দেশ করে তিনি প্রশ্ন রাখেন, তখন কেন বিপ্লবী সরকার গঠন করা হয়নি এবং কেন নতুন সংবিধান প্রণয়নের উদ্যোগ নেওয়া হয়নি। তাঁর মতে, পুরোনো সংবিধানের কাঠামোর মধ্যে থেকে সেটি বাতিলের চেষ্টা যৌক্তিক নয়।
গণভোটের কাঠামো নিয়েও সমালোচনা করেন তিনি। একাধিক বিষয় একসঙ্গে ভোটে উপস্থাপন করায় ভোটারদের স্বাধীন মত প্রকাশ সীমিত হচ্ছে বলেও মন্তব্য করেন বিজেপি চেয়ারম্যান।
বক্তব্যের শেষে তিনি বলেন, সংবিধানের প্রতি শ্রদ্ধা বজায় রেখেই জুলাইয়ের চেতনা সমুন্নত রাখতে হবে।

