দেশের আলোচিত কনটেন্ট ক্রিয়েটর ও অভিনেত্রী-মডেল সিমরিন লুবাবার বাগদানকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা ও সমালোচনা শুরু হয়েছে।
সম্প্রতি তার ব্যক্তিগত ফেসবুক পেজে দেওয়া একটি পোস্টের পর থেকেই মূলত বিয়ের গুঞ্জন ছড়িয়ে পড়ে। সেখানে একটি ছবি থাকলেও বর-কনের মুখ স্পষ্ট ছিল না এবং পাত্রের পরিচয়ও শুরুতে প্রকাশ করা হয়নি, যা নিয়ে নেটিজেনদের মধ্যে কৌতূহল তৈরি হয়।
পরবর্তীতে জানা যায়, প্রবাসী আলেম মাহমুদ বিন মুনিরের সঙ্গে লুবাবার বাগদান সম্পন্ন হয়েছে। বিষয়টি তিনি নিজেই নিশ্চিত করেছেন।
তিনি গণমাধ্যমকে জানান, দুই পরিবারের সম্মতিতে ঘরোয়া পরিবেশে বাগদান সম্পন্ন হয়েছে এবং ভবিষ্যতে নির্ধারিত সময় অনুযায়ী বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করা হবে। এ বিষয়ে আপাতত বিস্তারিত না জানিয়ে তিনি সবার কাছে দোয়া চেয়েছেন।
জানা গেছে, মাহমুদ বিন মুনির বর্তমানে কুয়েতে বসবাস করছেন এবং পারিবারিক ব্যবসার সূত্রে দীর্ঘদিন ধরে সেখানে আছেন। সুগন্ধি ব্যবসার সঙ্গে যুক্ত এই তরুণ আলেম কুরআন হিফজ সম্পন্ন করেছেন এবং কওমি মাদ্রাসা থেকে দাওরায়ে হাদিস শেষ করেছেন।
অন্যদিকে, সিমরিন লুবাবা ছোটবেলা থেকেই অভিনয় ও মডেলিংয়ে পরিচিত মুখ। প্রয়াত অভিনেতা আবদুল কাদেরের নাতনি হিসেবে তিনি শৈশবেই মিডিয়ায় পরিচিতি পান এবং পরবর্তীতে নিয়মিত কাজ করেছেন।
তবে গত বছরের শেষ দিকে তিনি বিনোদন জগত থেকে নিজেকে সরিয়ে নেওয়ার ঘোষণা দেন এবং ব্যক্তিগত জীবনধারায় পরিবর্তনের কথা জানান।

