ঈদে ঘরে ফেরা যাত্রীদের যাত্রা নির্বিঘ্ন করতে সোমবার (১৬ মার্চ) থেকে সারাদেশের সব আন্তঃনগর ট্রেনের সাপ্তাহিক বন্ধ বাতিল করেছে বাংলাদেশ রেলওয়ে।
রাজধানীর রেল ভবনে ঈদুল ফিতর উপলক্ষে আয়োজিত বিশেষ প্রস্তুতিমূলক সভায় এই সিদ্ধান্ত জানানো হয়। আগামী ১৬ মার্চ থেকে ঈদের আগের দিন পর্যন্ত সব আন্তঃনগর ট্রেন স্বাভাবিকভাবে চলবে, তবে ঈদের পর আবার সাপ্তাহিক বন্ধ কার্যকর হবে।
সভায় আরও জানানো হয়, স্টেশনগুলোতে টিকিটবিহীন যাত্রীর প্রবেশ রোধে নজরদারি জোরদার করা হয়েছে। জিআরপি, আরএনবি, বিজিবি, র্যাব ও স্থানীয় পুলিশের সহযোগিতায় স্টেশনে সার্বক্ষণিক প্রহরা থাকবে।
এছাড়া চলন্ত ট্রেন, স্টেশন ও রেললাইনে নাশকতা প্রতিরোধে নিরাপত্তা ব্যবস্থা আরও শক্তিশালী করা হয়েছে। আরএনবি, জিআরপি ও রেলওয়ের কর্মীদের সতর্কতা বাড়ানো হয়েছে।

