বিরোধীদলীয় নেতা ও জামায়াতের আমির ডা. শফিকুর রহমান বলেছেন, বাংলাদেশের সব দেশের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখতে হবে, তবে কেউ যেন আমাদের উপর আধিপত্য চালাতে না পারে। তিনি বলেন, “অতীতে নেওয়া বোঝা আমরা ফেলে দিয়েছি, আর জাতি বা যুব সমাজ আর সেই বোঝা সহ্য করবে না। বুক উঁচু করে বাঁচতে চায়, বিশ্বের বুকে পরিচয় দিতে চায়—আমি একজন গর্বিত বাংলাদেশী।”
মঙ্গলবার (১৭ মার্চ) সকালে চীনা দূতাবাসের সহযোগিতায় ঢাকা-১৫ আসনের নিম্ন আয়ের মানুষদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ অনুষ্ঠানে ডা. শফিকুর রহমান এসব কথা বলেন।
জামায়াত আমির আরও বলেন, “কথায় চিড়া ভিজাতে চাইলে হবে না, তাদের দুধ দিয়ে চিড়া ভিজিয়ে দেখাতে হয়। অতীতে কিছু দেশ বাংলাদেশকে কিছু না দিয়ে সবকিছু নিয়েই হস্তক্ষেপ করেছে। বিগত ফ্যাসিস্ট আমলে বাংলাদেশ-চীন বন্ধুত্বের নিদর্শনও হাইজ্যাক হয়ে গিয়েছিল।”
তিনি যোগ করেন, দেশের জন্য ন্যায্য এবং গর্বিত পরিচয় বজায় রাখা হবে—এটাই যুব সমাজের প্রত্যাশা।

