জামিউল ইসলাম তুরান, শান্তিগঞ্জ প্রতিনিধি:
সুনামগঞ্জ-৩ আসনে নবনির্বাচিত সংসদ সদস্য কয়ছর এম আহমদ বলেছেন, শান্তিগঞ্জ ও জগন্নাথপুরের সাধারণ মানুষ ভোটের মাধ্যমে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও তাঁর প্রতি যে ভালোবাসা দেখিয়েছেন, তা সত্যিই বিরল।
তারা বিগত নির্বাচনে তাঁকে বিপুল ভোটে নির্বাচিত করে চিরকৃতজ্ঞতার বন্ধনে আবদ্ধ করেছেন। তিনি তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
তিনি বলেন, এখন জগন্নাথপুর ও শান্তিগঞ্জ নিয়ে গঠিত সুনামগঞ্জ-৩ আসনের উন্নয়ন করতে চান। এজন্য প্রয়োজন সকলের আন্তরিক সহযোগিতা ও দোয়া। এলাকাবাসীর কাছে তিনি সবসময় দোয়া ও পরামর্শ কামনা করেন।
রোববার সন্ধ্যায় শান্তিগঞ্জ উপজেলার পাগলা সরকারি মডেল হাইস্কুল এন্ড কলেজ মাঠে উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের যৌথ আয়োজনে অনুষ্ঠিত ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
কয়ছর আহমদ বলেন, ভোটাররা তাদের দায়িত্ব পালন করেছেন, এখন দায়িত্ব তাঁর। তিনি এলাকার উন্নয়নে কাজ করবেন এবং শান্তিগঞ্জ ও জগন্নাথপুর উপজেলাকে দুটি মডেল উপজেলা হিসেবে গড়ে তুলতে যা যা করণীয়, তা করবেন। নির্বাচনে যারা তাঁকে ভোট দিয়ে নির্বাচিত করেছেন এবং মাঠে-ঘাটে পরিশ্রম করে ধানের শীষের জয় সুনিশ্চিত করেছেন, তাদের সবাইকে তিনি ধন্যবাদ জানান।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শান্তিগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক হাজি জালাল উদ্দিন। উপজেলা বিএনপির প্রথম যুগ্ম-আহ্বায়ক রওশন খান সাগরের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সুনামগঞ্জ জেলা বিএনপির সদস্য অ্যাডভোকেট মল্লিক মইনুদ্দিন সোহেল পিপি, আনছার উদ্দিন ও ফারুক আহমদ।
দোয়া পরিচালনা করেন সুনামগঞ্জ জেলা জমিয়তের সাধারণ সম্পাদক মাওলানা তৈয়্যিবুর রহমান চৌধুরী। পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন জমিয়ত নেতা মাওলানা আতিকুল হক।
ইফতার ও দোয়া মাহফিলে সুনামগঞ্জ জেলা বিএনপি, শান্তিগঞ্জ ও জগন্নাথপুর উপজেলা বিএনপিসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।


