ইরানের পররাষ্ট্রমন্ত্রী সৈয়দ আব্বাস আরাঘচি বলেছেন, যুক্তরাষ্ট্রের সম্ভাব্য স্থলবাহিনী অভিযান নিয়ে তেহরান কোনো উদ্বেগ অনুভব করছে না। বরং তিনি বলেন, ইরান মার্কিন বাহিনীর জন্য অপেক্ষা করছে, কারণ তাদের মোকাবিলা করা সম্ভব এবং এটি যুক্তরাষ্ট্রের জন্য বড় বিপর্যয়ে পরিণত হবে।
এই মন্তব্য তিনি বৃহস্পতিবার (৫ মার্চ) যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদমাধ্যম NBC News–কে দেওয়া এক সাক্ষাৎকারে করেন। সাক্ষাৎকারে তাকে প্রশ্ন করা হয়— ইরানে মার্কিন স্থলবাহিনীর সম্ভাব্য অভিযানকে কেন্দ্র করে উদ্বেগ রয়েছে কিনা।
আরাঘচি আরও বলেন, ওয়াশিংটনের কাছে যুদ্ধবিরতির কোনো প্রস্তাব দেওয়ার পরিকল্পনা নেই। ২০২৫ সালের জুনে ১২ দিন ধরে ইসরাইল ও যুক্তরাষ্ট্রের সঙ্গে সংঘটিত যুদ্ধে তেহরানও কোনো যুদ্ধবিরতির প্রস্তাব দেয়নি। তার ভাষায়, “যুদ্ধবিরতির প্রস্তাব দিয়েছিল ইসরাইল, যারা সংঘাত শুরু করেছিল।”
ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে ৬–২৭ ফেব্রুয়ারি পর্যন্ত তেহরান ও ওয়াশিংটনের মধ্যে সংলাপ চলেছিল। তবে ২৭ ফেব্রুয়ারি আলোচনা কোনো সমঝোতা ছাড়াই শেষ হয়। একদিন পর, ২৮ ফেব্রুয়ারি ইরানে অপারেশন এপিক ফিউরি নামে যুক্তরাষ্ট্রের সামরিক অভিযান শুরু হয়। একই সময়ে ইসরাইলও অপারেশন রোয়ারিং লায়ন নামে সামরিক অভিযান চালায়।
সংঘাতের এই ছয় দিনের ঘটনায় ইতোমধ্যে প্রায় এক হাজার মানুষ নিহত এবং ৫ হাজারের বেশি আহত হয়েছেন।
সূত্র: NBC News

