সংবিধান সংশোধনের জন্য নয়, বরং সংস্কারের লক্ষ্যেই সংসদে এসেছেন বলে জানিয়েছেন বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম।
রোববার (২৯ মার্চ) রাতে জাতীয় সংসদের প্রথম অধিবেশনে বক্তব্য দিতে গিয়ে তিনি এ মন্তব্য করেন।
স্পিকারের দৃষ্টি আকর্ষণ করে নাহিদ ইসলাম বলেন, তিনি দীর্ঘ সময় ধরে কথা বলার সুযোগ চাইছিলেন। ফ্লোর দেওয়ার ক্ষেত্রে যেন কোনো বৈষম্য না করা হয়, সে আশাও ব্যক্ত করেন তিনি।
তিনি আরও বলেন, বিরোধীদলীয় নেতা মূলতবি প্রস্তাব উত্থাপন করেছেন এবং সে অনুযায়ী স্পিকারের রুলিংও হয়েছে। এ বিষয়ে আইনমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রী বক্তব্য রাখলেও, বিরোধী দলের সদস্যদেরও কথা বলার সুযোগ দেওয়া উচিত ছিল।
নাহিদ ইসলাম বলেন, গণভোট ও জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে বর্তমান সংসদ গঠিত হয়েছে, যার ভিত্তি ‘জুলাই সনদ বাস্তবায়ন আদেশ’।
তিনি অভিযোগ করেন, গণভোটের মাধ্যমে পাওয়া গণরায় এবং সংশ্লিষ্ট আদেশ উপেক্ষা করা হচ্ছে। এমনকি যে আদেশের ভিত্তিতে বর্তমান সংসদ গঠিত হয়েছে, সেটিকে অসাংবিধানিক বলার চেষ্টাও হচ্ছে, যা গ্রহণযোগ্য নয় বলে মন্তব্য করেন তিনি।

