ইরানের পারমাণবিক কর্মসূচি ইস্যুতে আবারও আলোচনায় বসতে যাচ্ছে তেহরান ও ওয়াশিংটন। আগামী শুক্রবার (৬ ফেব্রুয়ারি) তুরস্কের ইস্তাম্বুলে দুই দেশের সরকারি প্রতিনিধিদের মধ্যে বৈঠক হওয়ার কথা রয়েছে। মধ্যপ্রাচ্যের এক আরব কর্মকর্তার বরাত দিয়ে বার্তা সংস্থা এএফপি এ তথ্য জানিয়েছে।
একজন আঞ্চলিক কূটনীতিক জানিয়েছেন, এই বৈঠকে সৌদি আরব ও মিশরসহ কয়েকটি দেশের প্রতিনিধিরাও অংশ নিতে পারেন। দ্বিপক্ষীয় বৈঠকের পাশাপাশি ত্রিপক্ষীয় ও বহুপক্ষীয় আলোচনা হওয়ার সম্ভাবনাও রয়েছে।
দীর্ঘদিনের পারমাণবিক বিরোধের প্রেক্ষাপটে নতুন করে কূটনৈতিক সংলাপ শুরু করে আঞ্চলিক উত্তেজনা কমাতে আগ্রহী দুই পক্ষ। জানা গেছে, মার্কিন বিশেষ দূত স্টিভ উইটকফ এবং ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি ইস্তাম্বুলে বৈঠকে যোগ দেবেন। উত্তেজনা প্রশমনে তুরস্কসহ কয়েকটি আঞ্চলিক দেশও উদ্যোগী ভূমিকা রাখছে।
ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে প্রায় দুই দশক ধরে যুক্তরাষ্ট্র–ইরান সম্পর্কে টানাপোড়েন চলছে। গত বছরের জুনে এ ইস্যু ঘিরে ইরান, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের মধ্যে স্বল্পস্থায়ী সংঘাত হয়, যা ১২ দিন পর যুদ্ধবিরতিতে গড়ায়। তবে এরপরও দুই দেশের সম্পর্ক স্বাভাবিক হয়নি।
গত জানুয়ারির মাঝামাঝি মধ্যপ্রাচ্যের জলসীমায় বড় আকারের মার্কিন নৌবহর মোতায়েনের নির্দেশ দেওয়া হলে নতুন করে উত্তেজনা বাড়ে। এর মধ্যে ১ ফেব্রুয়ারি হোয়াইট হাউসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের সঙ্গে একটি সমঝোতায় পৌঁছানোর আশা প্রকাশ করেন।
অন্যদিকে, সিএনএনকে দেওয়া এক সাক্ষাৎকারে ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেন, কয়েকটি মিত্র দেশ দুই পক্ষের মধ্যে মধ্যস্থতা করছে এবং পারস্পরিক আস্থা তৈরির চেষ্টা চালাচ্ছে। তিনি জানান, ন্যায়সঙ্গত ও ভারসাম্যপূর্ণ প্রস্তাব এলে নতুন করে আলোচনা এগোতে পারে।

