স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া মন্তব্য করেছেন, “গণভোটের জনরায়কে প্রথম দিনেই বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে শুরু হলো নতুন সংসদের যাত্রা।” মঙ্গলবার তিনি নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে এ কথা জানান।
জুলাইয়ে গণভোটে ‘হ্যাঁ’ জয়ী হওয়ায় জাতীয় সংসদ (সংবিধান সংস্কার) বাস্তবায়ন আদেশ অনুযায়ী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচিত প্রতিনিধিদের সমন্বয়ে একটি সংবিধান সংস্কার পরিষদ গঠিত হওয়ার কথা। তার নিয়ম অনুযায়ী নির্বাচিতরা প্রথমে সংসদ সদস্য হিসেবে এবং এরপর সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ নেবেন।
কিন্তু বিএনপি থেকে নির্বাচিত ২০৯ জন সংসদ সদস্য সংবিধান সংস্কার পরিষদের শপথ নেননি। তবে তারা এমপি হিসেবে শপথ নিয়েছেন। সংশ্লিষ্টরা বলছেন, এ কারণে শুরুতেই অন্তর্বর্তী সরকারের নেওয়া সংবিধান সংশোধনের কার্যক্রমে হোঁচট লেগেছে এবং নতুন রাজনৈতিক সংকটও তৈরি হতে পারে।
বিএনপি মনে করছে, বিদ্যমান সংবিধানে সংবিধান সংস্কার পরিষদ বলা নেই। সংবিধানের তৃতীয় তফসিলে বিভিন্ন পদের শপথের বিষয় উল্লেখ আছে, যেখানে সংসদ সদস্যদের শপথের কথা আছে, কিন্তু সংবিধান সংস্কার পরিষদের শপথের কথা নেই। প্রধান নির্বাচন কমিশনারেরও এ ধরনের শপথ পড়ানোর এখতিয়ার নেই।
নতুন সংসদে এই ঘটনা ইতিমধ্যেই রাজনৈতিক আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে, যা আগামীতেও সরকারের সংবিধান সংশোধনের কার্যক্রমকে প্রভাবিত করতে পারে।

