বিএনপির মহাসচিব ও ঠাকুরগাঁও-১ আসনের ধানের শীষ প্রতীকের প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ধর্মের নামে ভোটারদের বিভ্রান্ত করা হচ্ছে এবং জামায়াতে ইসলামীকে ভোট দিলে ঈমান ক্ষতিগ্রস্ত হতে পারে।
সোমবার (৯ ফেব্রুয়ারি) বিকেলে ঠাকুরগাঁও সদর উপজেলার জামালপুর ইউনিয়নের ভগদগাজি এলাকায় এক নির্বাচনী সভায় তিনি এ বক্তব্য দেন।
সভায় তিনি অভিযোগ করেন, একটি দল ধানের শীষ প্রতীকের বিরুদ্ধে ধর্মীয় ব্যাখ্যা দিয়ে প্রচারণা চালাচ্ছে। এ প্রসঙ্গে তিনি বিভিন্ন ধর্মীয় নেতার বক্তব্যেরও উল্লেখ করেন।
ভোটারদের উদ্দেশে মির্জা ফখরুল বলেন, বিভ্রান্তিতে না পড়ে দেশের উন্নয়ন ও গণতন্ত্রের স্বার্থে নির্ধারিত দিনে ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান।

