বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের সামগ্রিক পরিবেশ শান্তিপূর্ণ ও উৎসবমুখর ছিল বলে মন্তব্য করেছে রাশিয়ার কেন্দ্রীয় নির্বাচন কমিশন (সিইসি)।
রোববার (১৫ ফেব্রুয়ারি) ঢাকায় অবস্থিত রাশিয়ার দূতাবাস এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, রাশিয়ার সিইসির একটি প্রতিনিধি দল কমিশনার পাভেল আন্দ্রেয়েভের নেতৃত্বে ১১ থেকে ১২ ফেব্রুয়ারি ঢাকা সফর করে। তারা আন্তর্জাতিক পর্যবেক্ষণ কর্মসূচির অংশ হিসেবে নির্বাচন ও গণভোট পর্যবেক্ষণ করেন।
প্রতিনিধি দলটি ঢাকা ও নারায়ণগঞ্জের আটটি ভোটকেন্দ্রের ৪০টির বেশি ভোটকক্ষ পরিদর্শন করে। ভোটগ্রহণ শুরু থেকে গণনা প্রস্তুতি পর্যন্ত পুরো প্রক্রিয়া তারা পর্যবেক্ষণ করেন।
পর্যবেক্ষকদের মতে, ভোটারদের মধ্যে ব্যাপক আগ্রহ লক্ষ্য করা গেছে। অনেকেই ২০২৪ সালের রাজনৈতিক পরিবর্তনের পর এ নির্বাচনকে দীর্ঘ প্রতীক্ষিত হিসেবে উল্লেখ করেছেন। পরিবারসহ ভোটকেন্দ্রে উপস্থিত হওয়ার ঘটনাও দেখা গেছে। রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতা ব্যালটের মধ্যেই সীমাবদ্ধ ছিল বলে তারা উল্লেখ করেন।
রাশিয়ান পর্যবেক্ষকরা জানান, নির্বাচন পরিচালনায় কর্মকর্তাদের প্রস্তুতি ছিল সুদৃঢ় এবং প্রতিটি কেন্দ্রে জাতীয় আইন ও নির্বাচন কমিশনের নির্দেশনা অনুসরণ করা হয়েছে। প্রিসাইডিং কর্মকর্তারা দক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করেছেন এবং সামগ্রিক পরিবেশ ছিল বন্ধুত্বপূর্ণ ও গঠনমূলক।
তাদের মতে, ভোটগ্রহণ কর্মকর্তা ও দলীয় পোলিং এজেন্টদের উপস্থিতি স্বচ্ছতা নিশ্চিত করতে সহায়ক হয়েছে।
নিরাপত্তা ব্যবস্থাও ছিল জোরদার। আইনশৃঙ্খলা রক্ষায় বিপুল সংখ্যক পুলিশ ও সেনা সদস্য মোতায়েন ছিল এবং বিচ্ছিন্ন কিছু ঘটনা ঘটলেও তা সামগ্রিক পরিস্থিতিতে প্রভাব ফেলেনি বলে পর্যবেক্ষকরা মনে করেন।
উল্লেখ্য, এই নির্বাচনে প্রায় ৪০০ আন্তর্জাতিক পর্যবেক্ষক অংশ নেন এবং বিদেশি পর্যবেক্ষকরাও সামগ্রিকভাবে ভোটগ্রহণকে শান্তিপূর্ণ ও অংশগ্রহণমূলক বলে উল্লেখ করেছেন।
এদিকে, প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠকে রাশিয়ার প্রতিনিধি পাভেল আন্দ্রেয়েভ নির্বাচনী মানদণ্ড ও প্রযুক্তি নিয়ে আলোচনা করেন। একইসঙ্গে রাশিয়ার আসন্ন স্টেট ডুমা নির্বাচনের আন্তর্জাতিক পর্যবেক্ষণে অংশ নিতে বাংলাদেশি প্রতিনিধিদের আমন্ত্রণ জানান।

