মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের প্রেক্ষাপটে সামাজিক যোগাযোগমাধ্যমে ক্ষেপণাস্ত্র হামলার ভিডিও প্রকাশের কারণে আরব আমিরাতে এক বাংলাদেশিসহ ১০ জনকে গ্রেফতার করা হয়েছে। শনিবার (১৪ মার্চ) দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম আমিরাত নিউজ এজেন্সি এই খবর জানিয়েছে। অ্যাটর্নি জেনারেল হামাদ আল সামছি গ্রেফতারকৃতদের জরুরি বিচারের নির্দেশ দিয়েছেন।
প্রতিবেদন অনুযায়ী, অভিযুক্তরা সামাজিক যোগাযোগমাধ্যমে বিভ্রান্তিকর ও মিথ্যা ভিডিও প্রকাশ করেছিল, যা জাতীয় নিরাপত্তা ও সামাজিক স্থিতিশীলতার জন্য হুমকি সৃষ্টি করতে পারে। তদন্তে দেখা গেছে, ভিডিওগুলোতে বিমান প্রতিরক্ষা ব্যবস্থার হামলা প্রতিরোধের দৃশ্য, মাটিতে পড়া ক্ষেপণাস্ত্র, জনসমাগম এবং কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে বানানো ভুয়া বিস্ফোরণ ও হামলার দৃশ্য দেখানো হয়েছিল। কিছু ভিডিওতে শিশুদের আবেগ ব্যবহার করে নিরাপত্তা হুমকি দেখানোর চেষ্টা করা হয়েছিল। এছাড়া, দেশীয় সামরিক স্থাপনা ধ্বংস বা বিদেশে ঘটে যাওয়া ঘটনা আরব আমিরাতে ঘটেছে বলে ভুয়া দাবি করা হয়েছিল।
পাবলিক প্রসিকিউশন ইতিমধ্যে অভিযুক্তদের জিজ্ঞাসাবাদ শুরু করেছে এবং তাদের কারাগারে রাখার নির্দেশ দিয়েছে। তারা জানিয়েছেন যে, ডিজিটাল বা আধুনিক প্রযুক্তি ব্যবহার করে মিথ্যা তথ্য ছড়িয়ে দেশের নিরাপত্তা ও সামাজিক শৃঙ্খলা বিপন্ন করার কোনো প্রচেষ্টা সহ্য করা হবে না।
গ্রেফতারকৃতদের মধ্যে রয়েছে মিশর, ফিলিপাইন, ভিয়েতনাম, পাকিস্তান, ইরান, বাংলাদেশ, ক্যামেরুন, নেপাল এবং দুইজন ভারতীয় নাগরিক।

