সিরাজগঞ্জের শাহজাদপুরে ট্যাংকলরির ধাক্কায় সঞ্জয় কুমার সূত্রধর (জীবন) (৩০) নামে এক পশু চিকিৎসকের মৃত্যু হয়েছে।
রোববার (৫ এপ্রিল) সকাল সাড়ে ১০টার দিকে বগুড়া–নগরবাড়ী মহাসড়কের বাঘাবাড়ী বড়াল ব্রিজের উত্তর পাশে এ দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, ঘটনাস্থলে থাকা পথচারীরা গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।
নিহত সঞ্জয় সূত্রধর পাবনা জেলার বেড়া উপজেলার করমজা গ্রামের দীনেশ সূত্রধরের ছেলে।
প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা যায়, সকালে বাঘাবাড়ী নৌবন্দর এলাকায় তেল ডিপো থেকে জ্বালানি উত্তোলনের জন্য একটি ট্যাংকলরি পাবনা থেকে আসছিল। একই দিক থেকে একটি সিএনজি যাত্রী নিয়ে আসছিল। অতিরিক্ত যানজটের কারণে বড়াল ব্রিজের দক্ষিণ পাশে সিএনজিটি গতি কমালে পিছন থেকে আসা ট্যাংকলরি সজোরে ধাক্কা দেয়। এতে সিএনজির যাত্রী সঞ্জয় কুমার সূত্রধর ও রিপন বেপারী গুরুতর আহত হন।
আহতদের শাহজাদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে সঞ্জয় কুমার সূত্রধর মারা যান।
শাহজাদপুর থানার ওসি মো. সাইফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, ট্যাংকলরি ও সিএনজির সংঘর্ষে একজন নিহত হয়েছেন এবং একজন আহত হয়েছেন।

