শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধিঃ
জাতীয় শিক্ষা সপ্তাহ উপলক্ষে সাতক্ষীরার শ্যামনগরে বিভিন্ন ক্যাটাগরিতে প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১০ জানুয়ারি) সকালে উপজেলা প্রশাসন ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের উদ্যোগে নকিপুর পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয় প্রাঙ্গণে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. রাশেদ হোসাইন। উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নূর মোহাম্মদ তেজারতের সভাপতিত্বে এবং উপজেলা একাডেমিক সুপারভাইজার মিনা হাবিবুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন নকিপুর পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক কৃষ্ণানন্দ মুখার্জী এবং ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হারুনর রশিদ।
জাতীয় শিক্ষা সপ্তাহ উপলক্ষে কেরাত, হামদ, নাত, বাংলা ও ইংরেজি রচনা, ইংরেজি বক্তব্য, বাংলা কবিতা আবৃত্তি, উপস্থিত বক্তৃতা, লোকনৃত্য, উচ্চাঙ্গ সংগীত, লোক সংগীত, নজরুল সংগীত, রবীন্দ্র সংগীত, জারি গান, দেশাত্মবোধক গান, নির্ধারিত বক্তব্য, তাৎক্ষণিক অভিনয়, দেয়াল পত্রিকাসহ বিভিন্ন বিষয়ে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
প্রতিযোগিতায় উপজেলার সরকারি ও বেসরকারি কলেজের শিক্ষকবৃন্দ বিচারক হিসেবে দায়িত্ব পালন করেন। অনুষ্ঠান শেষে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

