মার্কিন যুক্তরাষ্ট্র ইরানের সব বন্দরে নৌ-অবরোধ আরোপের ঘোষণা দিয়েছে বলে আন্তর্জাতিক বিভিন্ন প্রতিবেদনে জানানো হয়েছে।
সোমবার (১৩ এপ্রিল) থেকে এ সিদ্ধান্ত কার্যকর করার কথা বলা হয়। যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ডের বরাতে বলা হয়েছে, ইরানের বন্দর দিয়ে যাতায়াত করা সব ধরনের সামুদ্রিক ট্রাফিক এই নিষেধাজ্ঞার আওতায় থাকবে। পারস্য উপসাগর ও ওমান উপসাগর ঘেঁষা বন্দরগুলোতে প্রবেশ ও প্রস্থানের ওপরও এ বিধিনিষেধ প্রযোজ্য হবে।
তবে অন্যান্য দেশের বাণিজ্যিক জাহাজের হরমুজ প্রণালী দিয়ে চলাচলের স্বাধীনতা এ সিদ্ধান্তে বাধাগ্রস্ত হবে না বলেও জানানো হয়েছে।
অন্যদিকে, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কঠোর হুঁশিয়ারি দিয়ে বলেছেন, মার্কিন বাহিনীর ওপর হামলার জবাব কঠিনভাবে দেওয়া হবে।
এদিকে ইরানের পক্ষ থেকে জানানো হয়েছে, কোনো ধরনের সামরিক চাপ বা হুমকির মুখে তারা পিছু হটবে না। ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) বলেছে, যেকোনো আগ্রাসনকে যুদ্ধবিরতির লঙ্ঘন হিসেবে দেখা হবে এবং প্রয়োজনীয় জবাব দেওয়া হবে।

