১৬ বছরের ফ্যাসিস্ট দুঃশাসন, গুম-খুন এবং জুলাই অভ্যুত্থানের স্মৃতি ধরে রাখতে নির্মিত ‘জুলাই স্মৃতি জাদুঘর’ পরিদর্শন করেছেন ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন।
আজ মঙ্গলবার রাষ্ট্রদূতের নেতৃত্বে মার্কিন দূতাবাসের একটি প্রতিনিধি দল জাদুঘরটির প্রতিটি সেকশন ঘুরে দেখেন।
পরিদর্শনকালে জুলাই অভ্যুত্থানের ভয়াবহতা এবং ছাত্র-জনতার আত্মত্যাগের নানা নিদর্শন দেখে আবেগাপ্লুত হয়ে পড়েন প্রতিনিধি দলের সদস্যরা। জাদুঘরটির বিন্যাস এবং সংরক্ষিত স্মৃতিগুলো নিবিড়ভাবে পর্যবেক্ষণ করেন রাষ্ট্রদূত ক্রিস্টেনসেন।
পরিদর্শন শেষে ব্রেন্ট ক্রিস্টেনসেন বলেন, “বিচার নিশ্চিত করা এবং স্মৃতি সংরক্ষণ হচ্ছে যেকোনো ক্ষত নিরাময় বা হিলিংয়ের প্রথম দুটি প্রধান শর্ত। এত অল্প সময়ের মধ্যে এমন একটি হৃদয়স্পর্শী এবং তাৎপর্যপূর্ণ জাদুঘর তৈরি করার উদ্যোগ সত্যিই প্রশংসনীয়।”
তিনি আরও উল্লেখ করেন যে, এই জাদুঘরটি বাংলাদেশের ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ অধ্যায়কে ভবিষ্যৎ প্রজন্মের কাছে জীবন্ত করে রাখবে। জুলাই অভ্যুত্থানের শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে তিনি এই উদ্যোগের সাথে সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান।

