সত্যজিৎ দাস, মৌলভীবাজার প্রতিনিধি:
মৌলভীবাজারের শ্রীমঙ্গল শহরের দীর্ঘদিনের যানজট সমস্যা নিরসনে মাঠে নেমেছে উপজেলা প্রশাসন। আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে যাত্রীদের নিরাপদ ও স্বস্তিদায়ক যাতায়াত নিশ্চিত করতে প্রশাসন জোরালো অভিযান শুরু করেছে।
বুধবার (১১ মার্চ) দুপুর ১২টার দিকে শহরের চৌমুহনা থেকে হবিগঞ্জ রোড বাসস্ট্যান্ড পর্যন্ত সড়কে অভিযান পরিচালনা করেন শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইসলাম উদ্দিন।
অভিযানের অংশ হিসেবে সড়ক ও ফুটপাত দখল করে বসানো বিভিন্ন দোকান সরিয়ে দেওয়া হয়। পাশাপাশি দূরপাল্লার যাত্রীবাহী এনা, হানিফ, শ্যামলী ও বিশাল পরিবহনের কাউন্টারগুলোকে শৃঙ্খলা বজায় রাখার জন্য বিশেষ নির্দেশনা দেওয়া হয়। ভাসমান সিএনজি অটোরিকশাগুলোকে যত্রতত্র দাঁড়াতে নিষেধ করা হয় এবং ট্রাফিক পুলিশকে যানজট নিরসনে আইন অনুযায়ী কঠোর পদক্ষেপ নেওয়ার নির্দেশ দেওয়া হয়।
অভিযানকালে ইউএনও মো. ইসলাম উদ্দিন বলেন,”শহরের গুরুত্বপূর্ণ সড়কগুলোতে শৃঙ্খলা ফিরিয়ে আনা,অবৈধ পার্কিং নিয়ন্ত্রণ করা এবং পথচারীদের নিরাপদ চলাচল নিশ্চিত করাই প্রশাসনের প্রধান লক্ষ্য। বিশেষ করে ঈদকে সামনে রেখে যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায় বন্ধে সংশ্লিষ্টদের সতর্ক থাকতে হবে।”
এ সময় তিনি শহরের বাস কাউন্টার-স্টপিজগুলো পরিদর্শন করেন। একসঙ্গে একাধিক গাড়ি পার্কিংয়ের কারণে সৃষ্ট যানজটের বিষয়টি গুরুত্ব দিয়ে তুলে ধরে বাস কাউন্টার সংশ্লিষ্টদের নির্ধারিত নিয়ম মেনে গাড়ি পার্কিংয়ের নির্দেশনা সহ আইন অমান্য করলে কঠোর পদক্ষেপ নেয়া হবে বলে সতর্ক করা হয়।
অভিযানে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মহিবুল্লাহ আকন, শ্রীমঙ্গল পৌরসভার প্রকৌশলী জহিরুল ইসলাম, উপজেলা প্রশাসনিক কর্মকর্তা মৃণাল কান্তি দাশ, শ্রীমঙ্গল ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক হাজী মো. কামাল হোসেন, ট্রাফিক বিভাগ ও শ্রীমঙ্গল থানা পুলিশের সদস্যরা। এ সময় স্থানীয় সাংবাদিকরাও উপস্থিত ছিলেন।
উপজেলা প্রশাসন জানায়,শহরের প্রধান সড়কগুলোতে যান চলাচল স্বাভাবিক রাখা, অবৈধ পার্কিং নিয়ন্ত্রণ এবং পথচারীদের নিরাপদ চলাচল নিশ্চিত করতে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

