খাদিমুল সরদার, বেরোবি প্রতিনিধি:
রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) ইতিহাস ও প্রত্নতত্ত্ব বিভাগের ২০২২-২৩ সেশনের শিক্ষার্থী মো. আজিমুল মারা গেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
শনিবার (৪ এপ্রিল) ভোর ৪টার দিকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
সহপাঠী ও পারিবারিক সূত্রে জানা যায়, গত ২৬ মার্চ শারীরিক অসুস্থতার কারণে আজিমুলকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শনিবার ভোরে তার মাথায় রক্ত জমাট বেঁধে মৃত্যু হয়।
আজিমুলের গ্রামের বাড়ি কুড়িগ্রাম জেলার ফুলবাড়ী উপজেলায়।
ইতিহাস ও প্রত্নতত্ত্ব বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. মনিরুজ্জামান বলেন, মৃত্যুর খবর পেয়ে আমি হাসপাতালে গিয়ে পরিবারের সঙ্গে কথা বলি। পরিবার জানায়, কয়েকদিন ধরে হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর ভোর ৪টার দিকে আজিমুল মারা যায়। হাসপাতাল থেকে তার মরদেহ গ্রামের বাড়ি কুড়িগ্রামের ফুলবাড়ীতে নেওয়া হবে এবং সেখানে বাদ আসর জানাজা শেষে দাফন সম্পন্ন করা হবে।

