ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে ভোটকেন্দ্রের বাইরে লিফলেট বিতরণের অভিযোগ তুলেছেন ভিপি পদপ্রার্থী উমামা ফাতেমা। তার দাবি, ভোটারদের হাতে দুটি আলাদা তালিকা দেওয়া হচ্ছে—একটি কেন্দ্রীয় সংসদের জন্য এবং অপরটি হল সংসদ নির্বাচনের জন্য।
তিনি জানান, এসব তালিকায় শিবির সমর্থিত ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের প্রার্থীদের নাম এবং স্বতন্ত্র প্রার্থীদের নাম আলাদা করে দেওয়া হচ্ছে। সোমবার এক ফেসবুক পোস্টে তিনি দুটি তালিকার ছবি প্রকাশ করেন।
উমামা ফাতেমা লিখেছেন, ‘ড. মুহাম্মদ শহীদুল্লাহ হলের ভোটকেন্দ্রের বাইরে এই লিফলেটগুলো দেওয়া হচ্ছে। এর এক প্রান্তে শিবির সমর্থিত জোটের প্রার্থীদের তালিকা আর অন্য প্রান্তে স্বতন্ত্র পরিচয়ে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের তালিকা। এমনকি গুঞ্জন রয়েছে, ভোটকেন্দ্রের বুথের ডেস্কের নিচেও এসব তালিকা রাখা হয়েছে।’
এছাড়া অন্য কেন্দ্রেও শিবিরের প্রার্থীদের পক্ষে একইভাবে লিফলেট বিতরণের অভিযোগ উঠেছে। বিষয়টি নিয়ে গণমাধ্যমেও আলোচনা চলছে।

