কুষ্টিয়া সদর উপজেলার বড়িয়া-ভাদালিয়াপাড়া এলাকায় সামাজিক বিরোধে দুই গ্রুপের সংঘর্ষে অন্তত ৬ জন আহত হয়েছেন। এ সময় ২০টির অধিক বাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর ও লুটপাট চালায় হামলাকারীরা।
শনিবার (২৮ ফেব্রুয়ারি) রাত ৮টার দিকে এই সংঘর্ষের সূত্রপাত হয়। পরে রাত ১০টার দিকে পুলিশ, সেনাবাহিনী ও র্যাব সদস্যরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। এ সময় সেখান থেকে দেশীয় ধারালো অস্ত্র উদ্ধার করে তারা।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বেশ কিছুদিন ধরে বটতৈল ইউনিয়নের সাবেক মেম্বার আব্দুল হান্নান গ্রুপের সঙ্গে একই ইউনিয়নের সাবেক মেম্বার (ইউপি সদস্য) সাইফুলের বিরোধ চলে আসছিল। এরই জেরে শনিবার রাতে বড়িয়া ভাদাদিয়াপাড়া এলাকায় দুই গ্রুপের মধ্যে উত্তেজনার সৃষ্টি হয়। এর একপর্যায়ে দুই গ্রুপ সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে উভয়গ্রুপের অন্তত ৬ জন আহত হন। এ সময় ২০টির অধিক বাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর ও লুটপাট চালায় হামলাকারীরা। পরে আহতদের উদ্ধার করে ২৫০ শয্যাবিশিষ্ট কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এ বিষয়ে কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন মাতুব্বর এশিয়া পোস্টকে বলেন, বটতৈল ইউনিয়ন বিএনপির সভাপতি বরিয়ার হান্নান মেম্বার ও ভাদালিয়া পাড়ার সাইফুল মেম্বারের মধ্যে সামাজিক দ্বন্দ্ব নিয়ে বেশ কিছুদিন ধরেই এলাকায় উত্তপ্ত পরিস্থিতি বিরাজ করছিল। এরই জেরে এই সংঘর্ষ ও ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটেছে।

