রূপগঞ্জ, নারায়ণগঞ্জ প্রতিনিধি:
নারায়ণগঞ্জের রূপগঞ্জে ৫৫০ বোতল মাদকদ্রব্য স্কাফসিরাপসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র্যাব-১১। সোমবার (২৩ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার গোলাকান্দাইল এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তাররা হলেন রাজশাহীর বাঘা উপজেলার মনিগ্রাম এলাকার শামসুজ্জামানের ছেলে রবিন এবং একই এলাকার নবী মণ্ডলের ছেলে জিয়াউল রহমান।
র্যাব জানায়, ভারতের সীমান্তবর্তী রাজশাহী এলাকা থেকে দীর্ঘদিন ধরে একটি চক্র মাদক কারবার পরিচালনা করে আসছিল। রোববার গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, চক্রের সদস্যরা বিপুল পরিমাণ অবৈধ স্কাফসিরাপ নিয়ে রূপগঞ্জ এলাকায় অবস্থান করছে।
এ তথ্যের ভিত্তিতে গোলাকান্দাইল এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ৫৫০ বোতল স্কাফসিরাপ উদ্ধার করা হয়।
গ্রেপ্তারদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

