আফগানিস্তান-এর পূর্বাঞ্চলে শক্তিশালী ভূমিকম্প অনুভূত হয়েছে। শুক্রবার অনুভূত হওয়া এ ভূমিকম্পটির মাত্রা ছিল রিখটার স্কেলে ৫ দশমিক ৮।
একই দিনে পাকিস্তান-এর খাইবার পাখতুনখোয়া ও পাঞ্জাবের বিভিন্ন এলাকাতেও ভূমিকম্প অনুভূত হয়। দেশটির আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, সেখানে ভূমিকম্পটির মাত্রা ছিল ৫ দশমিক ৯।
মার্কিন যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা জানায়, ৫.৮ মাত্রার ভূমিকম্পটির কেন্দ্রস্থল ছিল কাবুল থেকে প্রায় ১৩০ কিলোমিটার উত্তর-পূর্বে। তাৎক্ষণিকভাবে কোনো হতাহত বা বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
রাজধানীর পশ্চিমে অবস্থিত বামিয়ান প্রদেশ এবং ওয়ারদাক প্রদেশ-এর বাসিন্দারাও কম্পন অনুভব করেছেন বলে জানিয়েছেন।
বিশেষজ্ঞরা বলছেন, হিন্দুকুশ পর্বতমালা অঞ্চলে প্রায়ই ভূমিকম্প হয়ে থাকে। কারণ, এ এলাকাটি ইউরেশীয় ও ভারতীয় টেকটোনিক প্লেটের সংযোগস্থল।
এর আগে ২০২৫ সালের আগস্টে আফগানিস্তানের পূর্বাঞ্চলে ৬ মাত্রার একটি ভূমিকম্পে পাহাড়ি গ্রামের পর গ্রাম ধ্বংস হয়ে যায় এবং ২,২০০-এর বেশি মানুষ নিহত হন। পরবর্তীতে উত্তরাঞ্চলে ৬ দশমিক ৩ মাত্রার আরেকটি ভূমিকম্পে অন্তত ২৭ জনের মৃত্যু হয়।
এছাড়া ২০২৩ সালে ইরান সীমান্তবর্তী হেরাত এলাকায় এবং ২০২২ সালে নানগারহার প্রদেশে বড় ধরনের ভূমিকম্পে শত শত মানুষ প্রাণ হারান এবং হাজার হাজার ঘরবাড়ি ধ্বংস হয়।
এদিকে পাকিস্তানের স্থানীয় সময় সন্ধ্যা ৬টা ৯ মিনিটে আঘাত হানা ভূমিকম্পটির কেন্দ্রস্থলও ছিল হিন্দুকুশ অঞ্চল। এর গভীরতা ছিল প্রায় ১০১ কিলোমিটার।
স্থানীয় সংবাদমাধ্যমগুলোর তথ্য অনুযায়ী, শাংলা, সোয়াত, মারদান, সোয়াবি এবং নওশেরা জেলাসহ বিভিন্ন এলাকায় কম্পন অনুভূত হয়েছে।

