সত্যজিৎ দাস, (মৌলভীবাজার প্রতিনিধি):
মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলায় অবৈধভাবে গ্যাস ও জ্বালানি তেল মজুদের অভিযোগে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে দুই ব্যবসা প্রতিষ্ঠানকে মোট ১ লাখ টাকা জরিমানা করেছে। একই সঙ্গে বিপুল পরিমাণ গ্যাস সিলিন্ডার জব্দ করা হয়েছে।
শুক্রবার (২৭ মার্চ) দুপুরে উপজেলার সাতগাঁও চৌমুহনী ও রুস্তমপুর এলাকায় এ অভিযান পরিচালিত হয়। অভিযানে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইসলাম উদ্দিন এবং উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মহিবউল্লাহ্ আকন। এতে সহযোগিতা করে র্যাব-৯,পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা।
অভিযানকালে সাতগাঁও চৌমুহনী এলাকার মেসার্স শান্ত এন্টারপ্রাইজ ও ন্যাশনাল ট্রেডিংয়ের বিরুদ্ধে অনুমোদনের বাইরে দীর্ঘদিন ধরে অতিরিক্ত গ্যাস ও তেল মজুদের প্রমাণ পাওয়া যায়। একই সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তি হিসেবে শান্ত সরকার ও সত্যজিৎ সরকার’কে দায়ী করা হয়। অভিযোগ প্রমাণিত হওয়ায় তাৎক্ষণিকভাবে প্রত্যেক প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা করে মোট ১ লাখ টাকা জরিমানা করা হয়।
এ সময় অবৈধভাবে সংরক্ষিত বিপুল পরিমাণ গ্যাস সিলিন্ডার জব্দ করা হয়,যা জননিরাপত্তার জন্য ঝুঁকিপূর্ণ বলে জানিয়েছে প্রশাসন।
অভিযান শেষে এক প্রেস ব্রিফিংয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট মহিবউল্লাহ্ আকন বলেন, অবৈধভাবে জ্বালানি মজুদ বাজারে কৃত্রিম সংকট তৈরি করে এবং সাধারণ ভোক্তাদের ভোগান্তি বাড়ায়। পাশাপাশি এটি অগ্নি ও বিস্ফোরণের ঝুঁকি তৈরি করে,যা জননিরাপত্তার জন্য বড় হুমকি।
তিনি আরও জানান,বাজারে স্বাভাবিক সরবরাহ নিশ্চিত করা এবং অসাধু ব্যবসায়ীদের নিয়ন্ত্রণে রাখতে এ ধরনের অভিযান নিয়মিতভাবে চালানো হবে।
প্রশাসনের পক্ষ থেকে সতর্ক করে বলা হয়েছে, আইন অমান্য করে জ্বালানি মজুদ বা বাজারে অস্থিরতা তৈরির চেষ্টা করলে ভবিষ্যতেও কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

