লালমনিরহাট সদর হাসপাতালে হামের উপসর্গ নিয়ে দুই শিশু ভর্তি হয়েছে। গত ৫ এপ্রিল ২০২৬ তারিখে জেলার সদর উপজেলার পৃথক দুটি এলাকা থেকে শিশু দুটিকে হাসপাতালে আনা হয় বলে জানা গেছে।
ভর্তি হওয়া শিশুরা হলো—লালমনিরহাট সদরের মহেন্দ্রনগর হীরাবাড়ি এলাকার মো. রকিবের ৬ মাস বয়সী শিশু নিশাত এবং পৌরসভার আপন পাড়া এলাকার আনিসুর রহমানের ১৩ মাস বয়সী শিশু আনিসা খাতুন। হাসপাতাল সূত্র জানায়, র্যাশ দেখা দেওয়ায় শিশু দুটিকে আইসোলেশন ওয়ার্ডে রাখা হয়েছে।
আনিসা খাতুন হামের প্রথম ডোজ টিকা নিয়েছে বলে জানা গেছে। অন্যদিকে নিশাতের বয়স কম হওয়ায় এখনো টিকা দেওয়া হয়নি বলে কর্তব্যরত নার্সরা জানিয়েছেন।
আবাসিক মেডিকেল অফিসার ডা. সামিরা হোসেন বলেন, প্রাথমিকভাবে হামের সন্দেহে শিশু দুটিকে আইসোলেশনে রাখা হয়েছে এবং পরীক্ষার জন্য নমুনা ঢাকায় পাঠানো হয়েছে। তিনি আরও জানান, শিশুদের অবস্থা বর্তমানে স্থিতিশীল ও উন্নতির দিকে।
এদিকে হাসপাতালের ল্যাব টেকনোলজিস্ট মোজাফফর আহমেদ জানান, সদর হাসপাতালে হামের পরীক্ষার সুবিধা না থাকায় নমুনা ঢাকায় পাঠানো হয়েছে।
শিশুদের স্বজনরা জানান, হাসপাতালের চিকিৎসা ও পরিবেশ সন্তোষজনক এবং চিকিৎসকরা আন্তরিকভাবে সেবা দিচ্ছেন।

