গাজীপুরে ঝুট ব্যবসার নিয়ন্ত্রণ নিয়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ, গুলি ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ সময় ঝুট বোঝাই একটি ট্রাক এবং এক ব্যবসায়ীর কাছ থেকে প্রায় তিন লাখ টাকা লুটের অভিযোগ উঠেছে। হামলার সময় একটি মোটরসাইকেলও আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হয়।
শনিবার (৭ মার্চ) গাজীপুর সদর উপজেলার বাসন এলাকার ভিটিপাড়া এলাকায় ম্যানল ফ্যাশন গার্মেন্টসের পাশেই এ ঘটনা ঘটে।
ভুক্তভোগীদের দাবি, খান ট্রেডিংয়ের মালিক কৌশিক খানের সঙ্গে ম্যানল ফ্যাশন গার্মেন্টসের ঝুট কেনাবেচা সংক্রান্ত একটি চুক্তি রয়েছে। সেই চুক্তি অনুযায়ী শনিবার ঝুট সংগ্রহ করতে গেলে তারা হঠাৎ হামলার মুখে পড়েন।
অভিযোগে বলা হয়, বাসন থানা বিএনপির নেতা সিরাজুল হক, ১৪ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম এবং ওয়ার্ড যুবদলের সভাপতি নাজমুলের নেতৃত্বে প্রায় দুই থেকে আড়াইশ জনের একটি দল অস্ত্রশস্ত্র নিয়ে হামলা চালায়।
হামলাকারীদের অনেকের হাতে রামদাসহ বিভিন্ন দেশীয় অস্ত্র ছিল বলে জানা গেছে। এ সময় তারা কয়েক রাউন্ড গুলি ছোড়ে এবং কয়েকটি ককটেল বিস্ফোরণ ঘটায় বলে অভিযোগ করেছেন ভুক্তভোগীরা।

