মার্কিন সংবাদমাধ্যম ‘ওয়াল স্ট্রিট জার্নাল’-এর এক প্রতিবেদন অনুযায়ী, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আগামী কয়েক সপ্তাহের মধ্যে ইরানের সঙ্গে চলমান যুদ্ধ পরিস্থিতির অবসান ঘটাতে চান। ব্যক্তিগত আলাপচারিতায় ট্রাম্প তাঁর সহযোগীদের জানিয়েছেন, তিনি ইরানে দীর্ঘমেয়াদী কোনো যুদ্ধে জড়াতে আগ্রহী নন।
প্রতিবেদনটিতে দাবি করা হয়েছে, ট্রাম্প মনে করেন এই সংঘাত এখন ‘শেষ পর্যায়ে’ রয়েছে। এর আগে জনসমক্ষে তিনি ৪ থেকে ৬ সপ্তাহের যে সময়সীমা উল্লেখ করেছিলেন, সেই অনুযায়ী কাজ করার জন্য তিনি কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন। ট্রাম্পের মতে, এই সংঘাত তাঁর অন্যান্য অগ্রাধিকারমূলক কাজ থেকে তাঁকে বিচ্যুত করছে।
ট্রাম্পের ঘনিষ্ঠ উপদেষ্টারা চান তিনি এখন মার্কিন ভোটারদের অভ্যন্তরীণ সমস্যাগুলোর ওপর নজর দিন। যুদ্ধের প্রভাবে আন্তর্জাতিক বাজারে অস্থিরতা ও দ্রব্যমূল্য বৃদ্ধি মার্কিন নাগরিকদের উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে।
আগামী মে মাসের মাঝামাঝি সময়ে ট্রাম্পের চীন সফরের প্রস্তুতি নিচ্ছে হোয়াইট হাউস। ধারণা করা হচ্ছে, সেই মেগা বৈঠকের আগেই তিনি মধ্যপ্রাচ্যের এই যুদ্ধ পরিস্থিতির পরিসমাপ্তি টানতে চান।
উল্লেখ্য যে, গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যৌথভাবে ইরানের তেহরানসহ প্রধান শহরগুলোতে হামলা শুরু করে। হোয়াইট হাউসের দাবি ছিল, ইরানের পারমাণবিক ও ক্ষেপণাস্ত্র হুমকি মোকাবিলায় এই পদক্ষেপ নেওয়া হয়েছে। এই হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিসহ বেশ কয়েকজন শীর্ষ নেতা নিহত হন।
জবাবে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) ইসরায়েলের বিভিন্ন স্থাপনা এবং মধ্যপ্রাচ্যের বাহরাইন, জর্ডান, কুয়েত, কাতার, সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিগুলোতে পাল্টা হামলা চালিয়েছে। বর্তমানে পুরো অঞ্চলজুড়ে চরম উত্তেজনা বিরাজ করছে।

