ইরানের পক্ষ থেকে আসা যুদ্ধবিরতির নতুন প্রস্তাব নাকচ করে দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। প্রস্তাবটিকে ‘গুরুত্বপূর্ণ’ বললেও সংকট মেটাতে এটি ‘যথেষ্ট নয়’ বলে মন্তব্য করেছেন তিনি। সেই সঙ্গে হরমুজ প্রণালি খুলে দেওয়ার জন্য নিজের দেওয়া মঙ্গলবারের ডেডলাইন বা সময়সীমা কোনোভাবেই পরিবর্তন করা হবে না বলে সাফ জানিয়ে দিয়েছেন।
সোমবার হোয়াইট হাউসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেন, ইরান ভালো করেই জানে সংকট কাটাতে তাদের ঠিক কী করতে হবে। শর্ত মেনে চললে যুদ্ধ দ্রুত শেষ হওয়া সম্ভব। তবে তিনি মনে করেন, আলোচনার টেবিলে ইরান কিছুটা সদিচ্ছা দেখাচ্ছে।
ট্রাম্প স্পষ্ট করে বলেন, এই লড়াইয়ের প্রধান লক্ষ্য হলো ইরানকে পারমাণবিক অস্ত্র তৈরি থেকে চিরতরে বিরত রাখা। যারা এই যুদ্ধের বিরোধিতা করছেন, তাদের ‘নির্বোধ’ বলে আখ্যা দেন তিনি।
ইরানের তেলক্ষেত্রগুলো নিয়ে নিজের আকাঙ্ক্ষার কথা লুকাননি ট্রাম্প। তিনি জানান, ব্যক্তিগতভাবে তার ইচ্ছা ছিল ইরানের তেলক্ষেত্রগুলো নিয়ন্ত্রণে নিয়ে বিপুল অর্থ উপার্জন করা, কিন্তু মার্কিন জনগণের ইচ্ছার কারণে তাকে সরে আসতে হচ্ছে। তিনি আরও সতর্ক করেন যে, যুক্তরাষ্ট্র এখনই সরে গেলেও ইরানকে তাদের আগের অবস্থায় ফিরতে অন্তত ১৫ বছর সময় লাগবে।
সামাজিক যোগাযোগমাধ্যম ‘ট্রুথ সোশ্যাল’-এ দেওয়া এক পোস্টে ট্রাম্প চূড়ান্ত সময়সীমা স্পষ্ট করেছেন। তার ঘোষণা অনুযায়ী, মার্কিন ইস্টার্ন টাইম মঙ্গলবার রাত ৮টার মধ্যে দাবি মানতে হবে।
গুরুত্বপূর্ণ সময়গুলো:
যুক্তরাষ্ট্র: মঙ্গলবার রাত ৮টা (ইস্টার্ন টাইম)
ইরান: বুধবার ভোর
বাংলাদেশ: বুধবার সকাল ৬টা
এর আগে গত ২১ মার্চ থেকে কয়েক দফায় আলটিমেটাম দিয়েছিলেন ট্রাম্প। কখনো ৪৮ ঘণ্টা, কখনো ৫ দিন আবার কখনো ১০ দিন সময় বাড়িয়েছিলেন তিনি। তবে এবারের ৪ ও ৫ এপ্রিলের হুঁশিয়ারিতে তিনি অত্যন্ত কঠোর। ট্রাম্প স্পষ্ট জানিয়েছেন, মঙ্গলবারের পর আর কোনো ছাড় নেই। চুক্তি না হলে ইরানের গুরুত্বপূর্ণ বিদ্যুৎকেন্দ্র ও সেতুগুলো গুঁড়িয়ে দেওয়া হবে।

