ইরানের বিরুদ্ধে কঠোর হুমকি দেওয়ার পর শেষ মুহূর্তে অবস্থান বদলে অন্তত দুই সপ্তাহের জন্য সামরিক পদক্ষেপ স্থগিত রাখতে সম্মত হয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
তবে এই সাময়িক যুদ্ধবিরতির সঙ্গে একটি গুরুত্বপূর্ণ শর্ত জুড়ে দিয়েছেন তিনি। ট্রাম্প জানিয়েছেন, ইরান যদি সম্পূর্ণ নিরাপত্তা নিশ্চিত করে হরমুজ প্রণালি আন্তর্জাতিক জাহাজ চলাচলের জন্য উন্মুক্ত রাখে, তাহলে এই স্থগিতাদেশ বহাল থাকবে। অন্যথায় যুদ্ধবিরতি ভেঙে যেতে পারে বলে সতর্ক করেছেন তিনি।
এদিকে, মার্কিন ভাইস প্রেসিডেন্ট জে.ডি. ভ্যান্স দাবি করেছেন, ইরানে পরিচালিত সামরিক অভিযানের অধিকাংশ লক্ষ্য সফলভাবে অর্জন করেছে যুক্তরাষ্ট্র।
যুদ্ধবিরতির ঘোষণার ঠিক আগে ইরানের প্রধান তেল রফতানি কেন্দ্র খারগ দ্বীপ-এ একাধিক বিস্ফোরণের খবর পাওয়া গেছে। দেশটির আধা-সরকারি সংবাদ সংস্থা মেহের নিউজ এ তথ্য নিশ্চিত করেছে।
অন্যদিকে, পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ-এর দেওয়া বিশেষ প্রস্তাবের পরই এই সিদ্ধান্ত নেন ট্রাম্প। তিনি জানান, শরিফ ও পাকিস্তানের সেনাপ্রধান জেনারেল আসিম মুনির-এর অনুরোধে ইরানের ওপর পূর্বনির্ধারিত বড় ধরনের হামলা দুই সপ্তাহের জন্য স্থগিত করা হয়েছে।

