ঢাকা-বরিশাল মহাসড়কের গৌরনদীতে নিয়ন্ত্রণ হারিয়ে ব্রিজের রেলিং ভেঙে একটি মালবাহী ট্রাক খাদে পড়ে গেছে। এতে চালক ও হেলপার আহত হলেও অল্পের জন্য প্রাণে রক্ষা পেয়েছেন।
বৃহস্পতিবার (৯ এপ্রিল) সকাল প্রায় ৯টার দিকে মহাসড়কের টরকী বাসস্ট্যান্ড সংলগ্ন নীলখোলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, বরিশালগামী ট্রাকটি নীলখোলা ব্রিজ পার হওয়ার সময় হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে ব্রিজের রেলিং ভেঙে নিচের খাদে পড়ে যায়। দুর্ঘটনার পর স্থানীয়রা দ্রুত ঘটনাস্থলে গিয়ে আহত চালক ও হেলপারকে উদ্ধার করেন। পরে তারা স্থানীয়ভাবে চিকিৎসা নেন।
দুর্ঘটনাটি ভয়াবহ হলেও বড় ধরনের প্রাণহানি না ঘটায় স্বস্তি প্রকাশ করেছেন স্থানীয়রা।
গৌরনদী হাইওয়ে থানার ওসি মো. শামীম শেখ জানান, দুর্ঘটনাকবলিত ট্রাকটি জব্দ করা হয়েছে এবং এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।


