জয়পুরহাট প্রতিনিধি:
জয়পুরহাট সদর থানাধীন এলাকায় ট্রান্সফরমার চুরির ঘটনায় তিনজনকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, গত ২৭ মার্চ রাত ১২টা থেকে ভোর ৫টার মধ্যে সদর উপজেলার জামালপুর ইউনিয়নের দুর্লভপাড়া এলাকায় একটি বৈদ্যুতিক খুঁটি থেকে ১০ কেভিএ ক্ষমতার একটি ট্রান্সফরমার চুরি হয়। চুরি হওয়া ট্রান্সফরমারটির মূল্য প্রায় ৬০ হাজার টাকা।
এ ঘটনায় ভুক্তভোগীর অভিযোগের ভিত্তিতে জয়পুরহাট সদর থানায় মামলা দায়ের করা হয়। পরবর্তীতে পুলিশ সুপার জয়পুরহাটের দিকনির্দেশনায় জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের একটি দল অভিযান পরিচালনা করে।
অভিযানে নেতৃত্ব দেন ডিবির এসআই (নি:) আব্দুল্লাহ আল নোমান। এ সময় তার সঙ্গে এসআই (নি:) শাখাওয়াত হোসেন, এএসআই (নি:) সাজেদুর রহমান, এএসআই আসাদুজ্জামান, এএসআই (নি:) সোহেল রানা ও সঙ্গীয় ফোর্স উপস্থিত ছিলেন।
জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তিনজন আসামিকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন— মোঃ মুনসুর (৪৮), মোঃ আহসানুর ইসলাম (৩৫) এবং মোঃ শাহারুল ইসলাম (৫০)।
অভিযানকালে তাদের কাছ থেকে চুরি হওয়া ট্রান্সফরমারের বিভিন্ন যন্ত্রাংশ, তামার কয়েল, লোহার রড, ফ্রেম, পাইপসহ অন্যান্য সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।
পুলিশ জানায়, গ্রেফতারকৃতদের আদালতে পাঠানো হয়েছে এবং এ ঘটনায় জড়িত অন্যান্য আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

