ঈদযাত্রার কারণে গাজীপুরে ঢাকা-ময়মনসিংহ ও ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যানবাহনের চাপ বেড়েছে। গাড়ির বেশি চাপ ও যাত্রী ওঠানামা কারণে কিছু পয়েন্টে যানবাহন ধীরগতিতে চলছে।
যাত্রীরা জানান, সড়ক পরিস্থিতি মোটামুটি ভালো থাকার কারণে গন্তব্যে পৌঁছাতে তেমন ভোগান্তি হচ্ছে না। যানজট নিরসন এবং যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ ও অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনী কাজ করছেন।
বুধবার (১৮ মার্চ) সকাল থেকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের টঙ্গী, কলেজ গেইট, বোর্ড বাজার ও চান্দনা চৌরাস্তায় যানবাহনের ধীরগতি দেখা গেছে। চান্দনা চৌরাস্তায় সড়কের পাশে পার্কিংয়ের কারণে পথ সংকুচিত হয়েছে। ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের চন্দ্রা, ত্রিমোড় ও আশেপাশের এলাকায়ও যানবাহনের চাপ বেড়েছে। তবে দুপুরের পর পোশাক কারখানার ছুটির কারণে ঘরমুখো মানুষের ভিড় আরও বাড়ার সম্ভাবনা রয়েছে।
অনেকে অভিযোগ করেছেন, ঈদকে সামনে রেখে পরিবহন সংশ্লিষ্টরা বেশি ভাড়া নিচ্ছেন। পুলিশ জানিয়েছে, পোশাক কারখানার ধাপে ধাপে ছুটির কারণে এবার তীব্র যানজট হওয়ার আশঙ্কা নেই।
ঈদ যাত্রা নির্বিঘ্ন করতে মহাসড়কের বিভিন্ন স্থানে বিপুলসংখ্যক পুলিশ ও আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন আছে, যা যানজট নিয়ন্ত্রণে সহায়ক হচ্ছে।

