আজ ২ মার্চ, জাতীয় পতাকা উত্তোলন দিবস। ৫৫ বছর আগে ১৯৭১ সালের এই ঐতিহাসিক দিনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলাভবন প্রাঙ্গণের বটতলায় প্রথম উত্তোলিত হয়েছিল বাংলাদেশের স্বাধীন মানচিত্রখচিত জাতীয় পতাকা। তৎকালীন ডাকসু ভিপি আ স ম আবদুর রব সেই উত্তাল সময়ে ছাত্র-জনতার সামনে প্রথম এই গৌরবময় পতাকা উত্তোলন করেছিলেন।
দিবসটি উদযাপন উপলক্ষ্যে সোমবার (২ মার্চ) ঢাকা বিশ্ববিদ্যালয় কলা ভবন সংলগ্ন ঐতিহাসিক বটতলায় এক বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক নিয়াজ আহমেদ খান বলেন, “জাতীয় পতাকা কেবল এক টুকরো কাপড় নয়; এটি আমাদের জাতির পরিচয় নির্ধারণের প্রধান প্রতীক এবং জাতীয় ঐক্যের এক শক্তিশালী বহিঃপ্রকাশ।”
উপাচার্য তাঁর বক্তব্যে আরও বলেন, জাতীয় পতাকা আমাদের ইতিহাসের এক গৌরবজনক স্মারক। এই দিবসটি জাতির জন্য এক হওয়ার একটি গুরুত্বপূর্ণ সুযোগ। তিনি মনে করেন, জাতীয় পতাকার মর্যাদা, তাৎপর্য ও সঠিক ইতিহাস সম্পর্কে দেশের প্রতিটি সন্তানের জানা অত্যন্ত জরুরি।
উল্লেখ্য, ১৯৭১ সালের এই দিনে সবুজ জমিনের ওপর লাল বৃত্তের মাঝখানে সোনালি মানচিত্রখচিত পতাকাটি প্রথম ওড়ানো হয়। ওই দিন দুপুর ও রাতে যথাক্রমে ঢাকা বিশ্ববিদ্যালয় ও সচিবালয়ে পাকিস্তানের পতাকা নামিয়ে বাংলাদেশের নতুন পতাকা ওড়ানো হয়েছিল, যা ছিল মূলত স্বাধীনতার দিকে একধাপ এগিয়ে যাওয়ার সাহসী পদক্ষেপ।
অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত থেকে ইতিহাসের এই গৌরবময় অধ্যায়কে স্মরণ করেন।

