গাইবান্ধা সদর উপজেলায় নির্বাচনী সরঞ্জাম বহনকারী গাড়ি পুকুরে পড়ে যাওয়ার ঘটনা ঘটেছে। দুর্ঘটনায় কোনো প্রাণহানি হয়নি, তবে গাড়িতে থাকা আনসার সদস্যসহ চারজন আহত হয়েছেন। নির্বাচনী সরঞ্জামের কোনো ক্ষতি হয়নি।
বুধবার (১১ ফেব্রুয়ারি) দুপুরে সদর উপজেলার তালতলা বাজারের শোলাগাড়ী মোড় সংলগ্ন ভোটকেন্দ্রে সরঞ্জাম পৌঁছে দিতে গেলে গাড়ির চাকা পাংচার হয়।গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে থাকা পুকুরে পড়ে যায়।
গাড়িতে থাকা আনসার সদস্য শেফালী ও আরিফসহ চারজন আহত হন। স্থানীয়রা দ্রুত উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা দিয়েছে।
সদর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন জানান, দুর্ঘটনায় কোনো প্রাণহানি হয়নি এবং নির্বাচনী সরঞ্জামও ক্ষতিগ্রস্ত হয়নি। পরে বিকল্প বাহনের মাধ্যমে সরঞ্জাম ও দায়িত্বে থাকা সদস্যদের নিরাপদে ভোটকেন্দ্রে পৌঁছে দেওয়া হয়েছে।

