পটুয়াখালীর বাউফল উপজেলায় ভয়াবহ অগ্নিকাণ্ডে তিনটি বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। এতে তিনটি পরিবার সর্বস্ব হারিয়ে এখন নিঃস্ব হয়ে পড়েছে।
বুধবার (৮ এপ্রিল) রাত দেড়টার দিকে সদর ইউনিয়নের বিলবিলাস গ্রামের সুন্দর আলী খান বাড়িতে এ ঘটনা ঘটে।
ক্ষতিগ্রস্তরা হলেন আব্দুস সালাম খান, জালাল খান ও খলিল খান। আগুনে তাদের তিনটি বসতঘর সম্পূর্ণভাবে পুড়ে যায়। প্রাথমিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় ২০ লাখ টাকা বলে ধারণা করা হচ্ছে।
স্থানীয়দের ভাষ্য, গভীর রাতে হঠাৎ জালাল খানের ঘর থেকে আগুনের সূত্রপাত হয়। পরে তা দ্রুত আশপাশের ঘরগুলোতে ছড়িয়ে পড়ে। এলাকাবাসী আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করলেও ব্যর্থ হন।
পরে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। এতে আশপাশের আরও ঘরবাড়ি রক্ষা পায়।
ফায়ার সার্ভিসের প্রাথমিক ধারণা, একটি পুরনো সিলিং ফ্যানের শর্টসার্কিট থেকেই আগুনের সূত্রপাত হতে পারে।
এ ঘটনায় এলাকায় শোক ও আতঙ্ক বিরাজ করছে। ক্ষতিগ্রস্ত পরিবারগুলো বর্তমানে খোলা আকাশের নিচে মানবেতর জীবনযাপন করছে।

